Aaj India Desk, কলকাতা: ভোটের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) শিলিগুড়ি সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক তীব্র রূপ নিয়েছে। বিমানবন্দরে কম উপস্থিতি, পরিবর্তিত সভাস্থল এবং প্রোটোকল লঙ্ঘনের অভিযোগের পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জরুরি ভিত্তিতে তলব করলো রাজ্যের মুখ্যসচিবকে।
স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রবিবার বিকেল ৫টার মধ্যে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রিপোর্টে অবশ্যই শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনের স্থান পরিবর্তনের কারণ, উপস্থিতি সংক্রান্ত ব্যবস্থা এবং রাজ্য প্রশাসনের পদক্ষেপের বিস্তারিত তথ্য থাকতে হবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) শনিবার সকাল সাড়ে ১১টায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। প্রোটোকল অনুযায়ী রাজ্য প্রশাসনের বা মুখ্যমন্ত্রীর প্রতিনিধির বদলে সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিঙের জেলাশাসক মণীশ মিশ্র এবং পুলিশ কমিশনার সি. সুধাকর। সম্মেলনের মূল অনুষ্ঠান কম লোকসংখ্যার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি বলেন, “এখানে বসে আমি অনেক সাঁওতালি মানুষকে বাইরে ঘুরে বেড়াতে দেখেছি। এত চেয়ার ফাঁকা কেন? মনে হচ্ছে কেউ তাঁদের এখানে আসতে বাধা দিচ্ছে।” পরবর্তীতে তিনি সরাসরি প্রথম নির্ধারিত সভাস্থল বিধাননগর পরিদর্শন করে বলেন, “এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। কিন্তু রাজ্য প্রশাসন কেন এখানে সভার অনুমতি দেয়নি?”
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা ধর্না মঞ্চ থেকে দাবি করেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রোটোকল লঙ্ঘন হয়নি। তিনি অভিযোগ করেন যে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন ও তাঁর বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য প্রশাসন ও কেন্দ্রের মধ্যে এই বিতর্ক এখন তুঙ্গে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে মুখ্য সচিবের রিপোর্ট জমা দেওয়ার পরই পরিস্থিতি আরও স্পষ্ট হবে এবং রাজ্য ও কেন্দ্রের পদক্ষেপের পরিপ্রেক্ষিত জানা যাবে বলে আশাবাদী রাজনৈতিক মহল।


