কলকাতা: রাজ্যে আসছেন জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। তার আগে রাজ্যের এসআইআর তালিকা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। তিনি স্পষ্ট জানালেন, এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায়(SIR final voter list) যদি কোনও জীবিত ভোটারের নাম মৃত হিসেবে উল্লিখিত থাকে, তাহলে তৎক্ষণাৎ অভিযোগ জানাতে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দায় কার খতিয়ে দেখা হবে।
শুধু তাই নয়, কারও গাফিলতিতে বা ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টিও তদন্ত করে দেখা হবে বলে জানালেন সিইও। পাশাপাশি, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৭ লক্ষ ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তি করা হয়েছে, বলে জানিয়েছেন মনোজকুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। তিনি আরও জানান, তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজে সহায়তার জন্য শনিবার ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও বিচারকেরা রাজ্যে আসবেন।
বিবেচনাধীন ৬০ লক্ষেরও বেশি
প্রসঙ্গত, রাজ্যে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় (SIR final voter list) প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা ‘বিবেচনাধীন’ রয়েছে। মৃত, কেউ স্থানান্তরিত, কেউ গরহাজির, কারও অন্য জায়গায় নাম থাকার কারণ বশত প্রায় ৬৩ লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুক্রবার সিইও মনোজকুমার দাবী করেন, রাজ্যে এখনও প্রায় ৫২ লক্ষের বেশি ‘বিবেচনাধীন’ ভোটারের নিষ্পত্তির কাজ বাকি। এই কাজ শেষ হতে আনুমানিক কদিন সময় লাগবে, সেই বিষয়ে অবশ্য কিছু জানাননি সিইও (Manoj Kumar Agarwal)।
ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, ভোটার তালিকা (SIR final voter list) থেকে ষড়যন্ত্র করে নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগে শুক্রবার দুপুর থেকে ধর্মতলার মেট্রো চ্যালেনে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম করতে খোদ সওয়াল করার পরও কেন এত লক্ষ লক্ষ মানুষের নাম বাদ, বিবেচনাধীন? অভিযোগ শাসকদলের। অন্যদিকে, এসআইআরের কাজ কোনভাবেই বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের এসআইআরের কাজ সম্পন্ন করতে প্রয়োজনে ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে বিচারকদের নিযুক্ত করার পরামর্শ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। আগামী ১০ মার্চ সুপ্রিম করতে এসআইআর মামলার পরবর্তী শুনানি রয়েছে।


