কলকাতা: হিন্দু রক্ষার বুলি আওড়ানো বিজেপির ষড়যন্ত্রে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর নামও উধাও! অভিযোগ, তৃণমূলের (TMC)। শুক্রবার ধর্মতলার ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী বীরেশ্বরানন্দের এক শিষ্য। ২০০২-এর তালিকায় তাঁর নাম থাকলেও ২০২৬ এর এসআইআরে (SIR) বিজেপি-কমিশনের ষড়যন্ত্রে তাঁর নাম মুছে ফেলা হয়েছে, বলে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস।
সভামঞ্চের ভিডিও পোষ্ট করে তৃণমূলের কটাক্ষ, “হিন্দু এবং হিন্দুধর্মের স্ব-অভিষিক্ত রক্ষক হিসেবে ঘুরে বেড়ানো বিজেপি নাম মোছার ষড়যন্ত্র থেকে ছাড় পেলেন না রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীও”! পোস্টটিতে আরও লেখা হয়, “মানবতার সেবায় নিজের জীবন উৎসর্গকারী নিঃস্বার্থ সন্ন্যাসী স্বামী বীরেশ্বরানন্দের শিষ্য, যার নাম ২০০২ সালের ভোটার তালিকাতেও ছিল, বিজেপি-ইসিআই-এর এসআইআর (SIR) ষড়যন্ত্রে মুছে ফেলা হয়েছে।”
X Link: https://x.com/AITCofficial/status/2029863400063520823
তৃণমূলের অভিযোগ, স্বামী বিবেকানন্দের আদর্শে গড়ে ওঠা রামকৃষ্ণ মিশনের মতো একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠানকেও সন্দেহের চোখে দেখা হচ্ছে। এক সন্ন্যাসীর ভোটাধিকারই যেন উধাও হয়ে গিয়েছে, তাঁর অস্তিত্বই প্রশ্নের মুখে! এমনই দাবি তৃণমূলের। তাদের কটাক্ষ, মুখে হিন্দু স্বার্থ রক্ষার কথা বললেও বাস্তবে ক্ষমতা দখলের রাজনীতিই করছে বিজেপি, যেখানে প্রয়োজন পড়লে ধর্মীয় প্রতিষ্ঠানকেও বিতর্কে টেনে আনা হচ্ছে।
প্রসঙ্গত, এসআইআরের মাধ্যমে মানুষের ভোটারাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে শুক্রবার দুপুর ২ টো থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম “বিবেচনাধীন”, জীবিত মানুষকে “মৃত” উল্লেখের বিরুদ্ধে বিজেপি ও কমিশনকে বিঁধে উত্তেজনার পারদ আরও একধাপ চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে, বিজেপির পাল্টা বক্তব্য, অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষায় এই ধর্নামঞ্চ। সব মিলিয়ে, ভোটের ঠিক আগে এসআইআর (SIR) নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ ঊর্ধগামী!


