মুম্বই: আর্থিক প্রতারণা মামলায় বড় ধাক্কা খেলেন শিল্পপতি অনিল আম্বানি (Anil Ambani)। বুধবার চাঞ্চল্যকর অভিযানে তার বহুল চর্চিত ৩,৭১৬ কোটি টাকার বাড়ি “অ্যাবোড” বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা (ED)। শুধু তাই নয়, জানা গিয়েছে বৃহস্পতিবার অনিল আম্বানিকে (Anil Ambani) তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
জানা গিয়েছে, বুধবার মুম্বইয়ের পালি হিল এলাকায় অবস্থিত ৬৬ মিটার উচ্চতার এই বিলাসবহুল বাড়িটি প্রায় ১৬ হাজার বর্গফুট এলাকায় বিস্তৃত। বাড়িটিকে প্রিভিশনাল অ্যাটাচমেন্ট অর্ডার জারি হয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) অনুযায়ী বাজেয়াপ্ত করে ইডি। অভিযোগ, অনিল আম্বানির (Anil Ambani) গ্রুপ কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনস-এর ব্যাংক ফ্রডের সঙ্গে এই সম্পত্তি সম্পর্কিত। এই পদক্ষেপের ফলে মামলায় বাজেয়াপ্ত মোট সম্পত্তির মূল্য প্রায় ১৫,৭০০ কোটি টাকায় পৌঁছেছে।
উল্লেখ্য, ব্যাংক প্রতারণার মামলায় পিএমএলএ-র ধারা ১৭-র অধীনে রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে যুক্ত যুক্ত কোম্পানি এবং নির্বাহীদের প্রায় ৩৫ টিরও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েচভহে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে ৩,০০০ কোটি টাকার লোন ডাইভারশনের অভিযোগ
প্রাথমিক তদন্তে উঠে আসে, অনিল আম্বানির (Anil Ambani) সংস্থার সঙ্গে যুক্ত কোম্পানিগুলি ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংক থেকে প্রায় ৩,০০০ কোটি টাকার লোন ডাইভারশন করে থাকতে পারে। তদন্তকারীরা এই বিপুল পরিমাণ টাকা শেল কোম্পানির মাধ্যমে ঘুরিয়ে বা “রাউন্ড-ট্রিপ” করা হয়েছে কিনা খতিয়ে দেখছেন। এছাড়াও অভিযোগ উঠেছে, কিছু ক্রেডিট অ্যাপ্রুভাল মেমোরেন্ডাম পিছনের তারিখে তৈরি করা হয়েছে, যথাযথ যাচাই ছাড়াই লোন অনুমোদন দেওয়া হয়েছে, এবং আনুষ্ঠানিক অনুমোদনের আগে অর্থ বরাদ্দ করা হয়েছে।
জাতীয় হাউজিং ব্যাংক, সেবি, ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি এবং ব্যাংক অফ বারোডা সহ একাধিক সংস্থা এই তদন্তে তথ্য ও ইনপুট সরবরাহ করেছে।


