Aaj India Desk, বাঁকুড়া : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের সূচি এখনও ঘোষণা হয়নি। কোন আসনে কোন দল কাকে প্রার্থী করবে, তাও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই বাঁকুড়ার ওন্দায় দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
এই আবহেই বাঁকুড়া (Bankura) বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী নাম ঘোষণা করে বিতর্কে জড়ালেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
কার নাম ঘোষের মুখে?
মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া (Bankura) শহরের কাছে ঢালডাঙা মোড়ে এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বাঁকুড়া (Bankura)কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হবেন বর্তমান বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তিনি আরও দাবি করেন, এ বার রাজ্যে বিজেপিই সরকার গঠন করবে।
দলীয় সিদ্ধান্তের আগে প্রার্থীর নাম ঘোষণা করা প্রসঙ্গে প্রশ্ন উঠলে দিলীপ ঘোষ বলেন, “তিনি বর্তমান বিধায়ক। খুব বেশি রদবদল না হলে জেতা আসনে সাধারণত দল প্রার্থী বদলায় না।”
তবে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা এই বিষয়ে সংযত প্রতিক্রিয়া দেন। তাঁর বক্তব্য, প্রার্থী ঠিক করবে দলই। দলের শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
তৃণমূলেও আগাম প্রচার বিতর্ক
তবে শুধু বিজেপি নয়, প্রার্থী তালিকা ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থী ধরে প্রচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেও। দক্ষিণ সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের নামে রাজপুর-সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে দেওয়াল লেখা ঘিরে বিতর্ক তৈরি হয়।
তবে এই প্রসঙ্গে লাভলি মৈত্র জানান, অতিরিক্ত উৎসাহী কর্মীরাই এই কাজ করেছেন। পরে সেই লেখাগুলি মুছে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সূচির আগেই বাড়ছে উত্তাপ
নির্বাচনের সূচি ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থী ও দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।


