Aaj India Desk, নয়াদিল্লি : প্রথম ও দ্বিতীয় দফার পর এবার তৃতীয় দফার ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন ব্যবস্থায় বড় পদক্ষেপ নিলো নির্বাচন কমিশন (Election Commission)। ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু করার জন্য লিখিত নির্দেশ পাঠালো কমিশন।
বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি (এনসিটি), ওডিশা, পঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড।
আগামী এপ্রিল মাস থেকে এই প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, এত বড় পরিসরের কাজ শুরুর আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের এই প্রক্রিয়া ধাপে ধাপে পরিচালিত হবে।
এর আগে বিহারে SIR সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ের SIR প্রক্রিয়া চলছে। গত বছরের অক্টোবরে দ্বিতীয় দফার ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। সেই তালিকায় পশ্চিমবঙ্গও ছিল। রাজ্যে বর্তমানে SIR প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে একাধিক অভিযোগ ও বিতর্কও সামনে এসেছে। সাথে সাধারণ মানুষদেরও নানা ভাবে ভোগান্তি ও বিভ্রান্তির শিকার হতে হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে শেষবার পূর্ণাঙ্গ SIR হয়েছিল প্রায় ২১ বছর আগে, ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে। এইবছর এই বৃহৎ কর্মসূচি দ্বারা ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করা যাবে বলে আশাবাদী কমিশন।


