লখনউ: দেশের সংবিধানের প্রস্তাবনায় লেখা ‘সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র’। সেই সংবিধানের অন্যতম রূপকার ডঃ বি আর আম্বেদকর (B R Ambedkar)। অথচ তাঁর গান বাজানো নিয়েই কি আপত্তি? উত্তরপ্রদেশের আগ্রায় একটি দলিত পরিবারের বিয়ের শোভাযাত্রাকে ঘিরে ওঠা অভিযোগে সামনে এল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। ডিজেতে বাবাসাহেবকে সম্মান জানিয়ে গান বাজতেই নাকি ক্ষোভে ফেটে পড়েন কয়েকজন। তারপর? বিয়ের আনন্দ মুহূর্তে বদলে যায় আতঙ্কে!
ঘটনাটি আগ্রার নাগলা বীরভান গ্রামের। অভিযোগ, গত ২৬ নভেম্বর রাতে মালপুরা এলাকা থেকে বর পরিমল সিংহের বরযাত্রী কনের বাড়ির দিকে যাচ্ছিল। রাত প্রায় ৯টা নাগাদ শোভাযাত্রায় বাজছিল আম্বেদকরকে (B R Ambedkar) নিয়ে গান। কনের বাড়ি থেকে কিছুটা দূরে পৌঁছতেই কয়েকজন স্থানীয় বাসিন্দা ডিজে বন্ধ করতে বলেন। বরযাত্রীরা তাতে আপত্তি জানাতেই শুরু হয় বচসা।
পরিবারের অভিযোগ, এরপরই ২০-২৫ জনের একটি দল বরযাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘোড়ায় চেপে থাকা বরকে টেনেহিঁচড়ে নামিয়ে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়। শুধু তাই নয়, বাবাসাহেবের (BR Ambedkar) ছবিও কেড়ে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জাতিবিদ্বেষী গালিগালাজের অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা।
বিয়ের মতো আনন্দের অনুষ্ঠান শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তায় সম্পন্ন করতে হয় পরিবারটিকে। ঘটনায় SC/ST আইনে মামলা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ চলছে বলে জানা গিয়েছে।
প্রশ্ন উঠছে, যে সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার ও মর্যাদার কথা বলে, সেই দেশেরই এক বিয়ের শোভাযাত্রায় আম্বেদকরের (B R Ambedkar) গান বাজানো নিয়ে এমন হিংসার অভিযোগ কেন? মতের অমিল থাকতেই পারে, কিন্তু কারও মর্যাদা ও আনন্দের অধিকার কি হিংসার মুখে পড়বে?


