আজ ইন্ডিয়া ডেস্ক: বাড়িতে মা কালীর (Maa Kali) ছবি নেই, এমন বাঙালি বাড়ি এমনটা খুঁজে পাওয়া কঠিন! কারও ঠাকুরঘরে রয়েছেন দক্ষিণাকালী, কারও দেওয়ালে জ্বলজ্বল করছে মা কালীর উগ্র রূপ। আবার কেউ বিপদে পড়লে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে মনে মনে বলেন, ‘মা, সব তোমার হাতে!’ কিন্তু জানেন কি, বাড়িতে মা কালীর ছবি রাখারও রয়েছে কিছু প্রচলিত নিয়মকানুন?
ধর্মীয় বিশ্বাস ও বাস্তু মতে, বাড়িতে মা কালীর (Maa Kali) ছবি রাখা অশুভ নয়। বরং ভক্তদের বিশ্বাস, মা কালী শক্তি, সাহস ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। তাঁর আরাধনায় মেলে মনের জোর এবং বিপদের মুখোমুখি হওয়ার সাহস।
কিন্তু মা কালীর ছবি রাখবেন কোথায়?
বাস্তুশাস্ত্রের কিছু প্রচলিত মত অনুযায়ী, বাড়ির দক্ষিণ দিকে মা কালীর (Maa Kali) ছবি রাখা শুভ বলে মনে করা হয়। বিশেষত, বাড়ির পুজোর স্থানে পরিচ্ছন্ন পরিবেশে ছবিটি রাখতে পারেন। তবে পারিবারিক রীতি ও নিজস্ব পুজোর পদ্ধতিকেও গুরুত্ব দেওয়া উচিত।
কোন কোন জায়গায় ছবি রাখা এড়াবেন?
1. শোওয়ার ঘরে মা কালীর উগ্র রূপের ছবি না রাখাই ভালো বলে মনে করা হয়।
2. বাথরুমের সামনে বা আশপাশে ছবি রাখবেন না।
3. সিঁড়ির নীচে দেবীর ছবি রাখা এড়িয়ে চলুন।
4. ছবির আশপাশে জুতো, আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস জমতে দেবেন না।
কেমন ছবি বেছে নেবেন?
মা কালীর (Maa Kali) শান্ত না উগ্র রূপ, কোনটি রাখবেন, তা নির্ভর করতে পারে আপনার পারিবারিক বিশ্বাস ও পুজোর রীতির উপর। বিশেষ তান্ত্রিক সাধনার ক্ষেত্রে অভিজ্ঞ গুরুর পরামর্শ নেওয়ার কথা বলা হয়। দিনশেষে, ভক্তির জায়গায় ভয় নয়, বিশ্বাসই বড়। মায়ের ছবির সামনে দাঁড়িয়ে দু’দণ্ড শান্তি পাওয়াটাই তো অনেকের কাছে সবচেয়ে বড় আশীর্বাদ!


