Aaj India Desk, নয়াদিল্লি: তৃণমূল (TMC) ছেড়ে এনসিপিআই (NCPI)-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের দলবদল নিয়ে এখনও জট কাটেনি। শনিবার রাত পর্যন্ত সংসদের সরকারি নথিতে তাঁদের পরিচয়ে কোনও পরিবর্তন দেখা যায়নি। এই পরিস্থিতিতে বিষয়টি দ্রুত মেটাতে সক্রিয় হয়ে উঠেছে শাসক শিবির।
সূত্রের খবর, স্পিকারের দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গেও ফোনে কথা হয়েছে তাঁর। এরপর এনসিপিআইয়ের সাংসদদের কাছে বার্তা পৌঁছেছে, সরকার তাঁদের পাশে রয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে আলোচনার পর রবিবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে নৈশভোজের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। রবিবারই তাঁর দিল্লি যাওয়ার কর্মসূচি রয়েছে। এদিকে দিল্লির রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই শনিবার কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। যদিও এই সাক্ষাৎকে ব্যক্তিগত সৌজন্য বলেই ব্যাখ্যা করা হয়েছিল, তবে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, মহিলা সংরক্ষণ বিলের সমর্থনে ভোট দেওয়ার কথা জানিয়েছেন বীরভূমের সাংসদ। শুভেন্দুর বক্তব্য, মহিলাদের অধিকার ও প্রতিনিধিত্বের পক্ষে যাঁরা, তাঁরা এই বিলকে সমর্থন করবেন। সংসদীয় রাজনীতিতে আরও বেশি সংখ্যায় মহিলা সাংসদ ও বিধায়ক আসুন, সেটাই তাঁর লক্ষ্য।
অন্যদিকে, সংসদের বিশেষ অধিবেশনের আগে শনিবারই দিল্লি যাওয়ার প্রস্তুতি নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূলের সাংসদদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তাঁদের ভয় দেখানো হচ্ছে। তাঁর দাবি, দলের একাধিক প্রবীণ নেতা সাংসদদের বারবার ফোন করছেন। দিল্লি গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে, দলের নির্দেশ অমান্য করে ভোট দিলে সাংসদদের পদ খারিজ হতে পারে বলে দাবি করেছেন তৃণমূলের দলীয় হুইপ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সব মিলিয়ে এখন সোমবারের দিকেই নজর রাজনৈতিক মহলের। স্পিকার কি শেষ পর্যন্ত এনসিপিআইয়ের সাংসদদের দলবদলে সরকারি স্বীকৃতি দেবেন, নাকি এই ইস্যুতে নতুন কোনও কৌশল নেবে তৃণমূল? বিশেষ অধিবেশনের আগে এই সিদ্ধান্ত ঘিরেই বাড়ছে রাজনৈতিক জল্পনা।


