শিলিগুড়ি: তৃণমূলের তোলাবাজিকে (Extortion) হাতিয়ার করে ক্ষমতায় এসে সেই পাঁকেই আটকা পড়েছে বিজেপি! তোলাবাজি বন্ধে গেরুয়া সরকারের ব্যর্থতার প্রমাণ উঠে আসছে একের পর এক! এবার কোটি টাকার আর্থিক লেনদেন ঘিরে অভিযোগের কেন্দ্রে উঠে এলেন খোদ বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তি! শুধু তাই নয়, যিনি অভিযোগ করেছেন, তিনিও বিজেপিরই নেতা। এক কোটি টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রিভা লামা। আর এই ঘটনাকে ঘিরেই শিলিগুড়ির রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, দলের অন্দরেই যদি এমন আর্থিক অভিযোগ ওঠে, তাহলে তোলাবাজি বন্ধে বিজেপির ভূমিকা কোথায়?
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের জানুয়ারি মাসে। অভিযোগ, সেবক-রংপো রেল প্রকল্পের রংপো স্টেশনের কাজের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মানিক অরোরা ও তাঁর পরিবারের কাছ থেকে প্রায় এক কোটি টাকা নেওয়া হয়েছিল (Extortion)। অভিযোগকারীদের দাবি, অংশীদারির ভিত্তিতে ঠিকাদারি কাজের সুযোগ করে দেওয়ার কথা বলে ব্যাঙ্কের মাধ্যমে ওই টাকা পাঠানো হয় রিভা লামার অ্যাকাউন্টে।
কিন্তু পরবর্তী সময়ে কাজের খরচ ও অংশীদারির শর্ত নিয়ে মতবিরোধ তৈরি হয়। টাকা ফেরত চেয়েও না পাওয়ার অভিযোগ তুলে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন মানিক ও তাঁর পরিবার। গত ১৮ নভেম্বর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।
বিধায়কের সঙ্গে কফি, আর সেখানেই গ্রেপ্তার!
শনিবার রাতে মাটিগাড়ার একটি শপিং মলে দার্জিলিঙের বিজেপি বিধায়ক নোমান রাইয়ের সঙ্গে ছিলেন রিভা। অভিযোগ, একসঙ্গে কফি খাওয়ার সময়ই সেখানে পৌঁছে যায় পুলিশ। বিধায়কের সামনেই গ্রেপ্তার করা হয় রিভাকে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
বিজেপির অন্দরে অস্বস্তি?
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, অভিযোগকারী মানিক অরোরা নিজেও বিজেপির পদাধিকারী। ফলে বিষয়টি শুধুমাত্র বিরোধী দলের রাজনৈতিক আক্রমণের মধ্যে সীমাবদ্ধ নেই। দলেরই এক নেতার অভিযোগে আর এক ব্যক্তির গ্রেপ্তারি গেরুয়া শিবিরের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে।
যদিও মানিক অরোরা জানিয়েছেন, কারও সঙ্গে ছবি থাকা বা একসঙ্গে চা-কফি খাওয়ার অর্থ রাজনৈতিক ঘনিষ্ঠতা নয়। রিভা বিজেপির সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেছেন তিনি।
এখন প্রশ্ন, এক কোটি টাকার এই লেনদেনের (Extortion) পিছনে আর কারা রয়েছেন? প্রকল্পের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব কাজের কোনও যোগ ছিল কি? তদন্তে কি আরও কোনও নাম সামনে আসবে?
দুর্নীতি ও তোলাবাজির (Extortion) বিরুদ্ধে বিজেপির রাজনৈতিক অবস্থানের মধ্যেই এই ঘঘটনা ফের প্রশ্ন তুলে দিল। অভিযোগের সত্যতা অবশ্য তদন্তেই প্রমাণিত হবে। আপাতত শিলিগুড়ির রাজনীতিতে এক কোটি টাকার রিভা-কাণ্ডই চর্চার কেন্দ্রে।


