Aaj India Desk, কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতি (Recruitment corruption case) মামলায় নতুন করে তৎপর সিবিআই (CBI)। এবার জেলে গিয়ে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আদালতের অনুমতি পাওয়ার পর শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে সুজিত বসুর নাম উঠে এসেছে। অভিযোগ, টাকার বিনিময়ে পুরসভায় চাকরি দেওয়ার ক্ষেত্রে তাঁর সুপারিশ ছিল। সেই সময় তিনি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এই বিষয়েই তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।
তদন্তে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সুজিত বসুর ঘনিষ্ঠ নিতাই দত্তকে জেরা করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। একই মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং অয়ন শীলকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কাছ থেকেও সুজিত বসুর ভূমিকা সম্পর্কে তথ্য মিলেছে বলে জানা গিয়েছে। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চায় সিবিআই। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর এদিন জেলে গিয়ে তাঁকে জেরা করছেন আধিকারিকরা।
উল্লেখ্য, গত ১১ মে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। এই মামলায় ইডির জমা দেওয়া চার্জশিটে তাঁর বিরুদ্ধে ২০ কোটি টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারির ৬০ দিনের মাথায় বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় ইডি। ১৮৬ পাতার ওই চার্জশিটে সুজিত বসুর পাশাপাশি তাঁর ছেলে সমুদ্র বসু, তাঁর সঙ্গে যুক্ত দুটি সংস্থা এবং পুর ও নগরোন্নয়ন দফতরের তৎকালীন আধিকারিক জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়েছে। ইডির আরও অভিযোগ, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের মাধ্যমে ৩ কোটি টাকা পৌঁছেছিল। সব মিলিয়ে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জিজ্ঞাসাবাদকে ঘিরে তদন্তে নতুন করে চর্চা শুরু হয়েছে।


