Aaj India Desk, কলকাতা : সম্প্রতি রূপান্তরকামীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিশেষ উদ্যোগ নেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। জানানো হয়েছে, রূপান্তরকামীদের নিয়ে তৈরি করা হবে ‘বৃহন্নলা ব্রিগেড’ (Brihannala Brigade)। এবার রাজ্য সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে উদ্যোগটিকে ঐতিহাসিক বলে অভিহিত করলেন রূপান্তরকামী সমাজকর্মী রঞ্জিতা সিনহা।
কী কাজ করবেন ‘বৃহন্নলা ব্রিগেড’-এর সদস্যরা?
রূপান্তরকামীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার পাশাপাশি সমাজের মূলস্রোতে তাঁদের অংশগ্রহণ বাড়ানোই এই উদ্যোগের (Brihannala Brigade) অন্যতম লক্ষ্য। প্রাথমিকভাবে কলকাতা পুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কর সংগ্রহের দায়িত্ব দেওয়া হবে তাঁদের। পাশাপাশি শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক প্রচারেও যুক্ত করা হবে।
কী বললেন রঞ্জিতা সিনহা?
রাজ্য সরকারের এই ঘোষণায় আবেগপ্রবণ রঞ্জিতা সিনহা। তাঁর কথায়, “এমন একটা যুগান্তকারী দিন, যেখানে ট্রাফিক সিগন্যাল এবং ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত করে ট্রান্সজেন্ডারদের কাজের কথা ভাবা হয়েছে। কোনও সরকার আজ অবধি আমাদের কাজের কথা বা অন্য কথা শোনেনি। ওঁরা যেটা করলেন, এটা একটা ঐতিহাসিক দিন।” তিনি আরও বলেন, “আমাদের সময় শেষ হয়ে এসেছে, কিন্তু নতুন প্রজন্ম আসছে। তারা চিরকাল কাজের মাধ্যমে নিজেদের তুলে ধরতে পারবে।”
উল্লেখ্য, সমাজের প্রতিটি স্তরে আজও নানা বৈষম্য ও অবহেলার শিকার রূপান্তরকামীরা। পরিচয়ের কারণে বারবার তাঁদের মুখোমুখি হতে হয় সামাজিক বঞ্চনা, অসম্মান এবং কর্মসংস্থানের অনিশ্চয়তার। যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও বহু ক্ষেত্রে সাধারণ কর্মক্ষেত্রে সুযোগ মেলে না তাঁদের। ফলে জীবিকার তাগিদে অনেকেই বাধ্য হন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করতে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে সামাজিক স্বীকৃতি, প্রতিটি ক্ষেত্রেই সমান অধিকার পাওয়ার লড়াই এখনও জারি। এই পরিস্থিতিতে রূপান্তরকামীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে রাজ্য সরকারের ‘বৃহন্নলা ব্রিগেড’ (Brihannala Brigade) গঠনের উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর। ‘বৃহন্নলা ব্রিগেড’-এর মাধ্যমে কর্মক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ বাড়লে আগামী প্রজন্মের কাছেও নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে।


