21.8 C
Kolkata
Friday, November 20, 2026
spot_img

‘এমন মন্তব্য কি একজন সাংসদ করতে পারেন?’ – অভিষেকের কথায় ফের অসন্তোষ হাইকোর্টে, তারপর কি ঘটলো?

Aaj India Desk, কলকাতা: বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মন্তব্যে ফের অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) । এবার তৃণমূল সাংসদের মন্তব্যের সমালোচনা করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর আগে বিচারপতি কৃষ্ণ রাও-ও এই বিষয়ে অসন্তোষ জানিয়েছিলেন। শুক্রবার ডিজে সংক্রান্ত মামলার শুনানিতে অভিষেকের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। বিচারব্যবস্থা সম্পর্কে তাঁর মন্তব্যকে ‘বেদনাদায়ক’ বলেও উল্লেখ করে আদালত। তবে সব দিক বিবেচনা করে অভিষেকের অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ  আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে হাইকোর্ট।

শুক্রবার মামলার শুনানিতে অভিষেকের একটি এক্স পোস্টের প্রসঙ্গ তোলেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। তাঁর বক্তব্য, অভিষেকের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায় আদালত থেকে রক্ষাকবচ না পাওয়ার পরেই বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠার পরেও কীভাবে তাঁকে আদালত সুরক্ষা দিতে পারে, সেই প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী।

সম্প্রতি সুমিত রায়ের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্য সরকার ও স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে তাঁর অভিযোগ ছিল, আদালত অবমাননার নিয়ম কি শুধু বিরোধীদের ক্ষেত্রেই কার্যকর? শাসকদলের নেতা এবং তাঁদের সহযোগীরা কি বিশেষ আইনি সুবিধা পাচ্ছেন?

শুক্রবার সেই পোস্টের প্রসঙ্গ শুনানিতে তুলে ধরেন রাজ্যের আইনজীবী রাজদীপ মজুমদার। তিনি জানান, অভিষেকের ঘনিষ্ঠ ব্যক্তির রক্ষাকবচের আবেদন খারিজ হওয়ার পরেই বিচারব্যবস্থা নিয়ে এই ধরনের মন্তব্য করা হয়েছে।

এরপর অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতির বক্তব্য, এই ধরনের মন্তব্যের কারণে আদালত স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার মামলা শুরু করতে পারে। একজন সাংসদ হয়ে কি এ ধরনের মন্তব্য করা উচিত? কোনও বিষয়ে আপত্তি থাকলে আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে, রাজ্যের আইনজীবীর বক্তব্য ছিল, একদিকে অভিষেক আদালতের কাছে সুরক্ষা চাইছেন, আবার অন্যদিকে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাই তাঁকে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া উচিত কি না, তা নতুন করে বিবেচনা করা প্রয়োজন।

তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করা এবং মামলায় অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া, এই দুটি বিষয় এক নয়। কোনও মন্তব্য আদালত অবমাননার পর্যায়ে পৌঁছলে আলাদাভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু শুধু সেই কারণে মামলাকারীর সুরক্ষা তুলে নেওয়া যায় কি না, তা বিবেচনা করতে হবে। এই বিষয়ে রাজ্যের তরফে হলফনামা জমা দেওয়ার কথা জানানো হয়।

পাশাপাশি মামলার তদন্ত কতদূর এগিয়েছে, সেই সংক্রান্ত রিপোর্টও আদালতে জমা দিতে বলা হয়।  রাজ্যের আইনজীবী জানান, তাঁরা হলফনামা দেবেন এবং তদন্তের অগ্রগতির রিপোর্টও জমা করবেন। অভিষেকের আইনজীবীকেও তাঁর মক্কেলের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। জবাবে তিনি জানান, অভিষেকের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশ না পেলে এই বিষয়ে কিছু বলা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে বিচারব্যবস্থার বিরুদ্ধে করা কোনও মন্তব্যকে তিনি সমর্থন করেন না বলেও আদালতে জানান। শুনানির সময় বিচারপতি আরও বলেন, অভিষেকের এই ধরনের মন্তব্য যথেষ্ট বেদনাদায়ক। এগুলিকে সরাসরি পরিকল্পিত আদালত অবমাননা বলা না গেলেও, এই মন্তব্যগুলি না করলেই ভালো হত।

সবশেষে অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানোর বিষয়ে আদালত জানায়, এই মুহূর্তে এমন কোনও নতুন পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে অভিষেকের সুরক্ষা তুলে নেওয়া প্রয়োজন। তদন্তে তিনি সহযোগিতা করছেন না, এমন কোনও প্রমাণও রাজ্যের তরফে পেশ করা হয়নি। তাই রাজ্যের আপত্তি সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন