Aaj India Desk, কলকাতা : চিটফান্ডে (Rose Valley Scam) প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল প্রাক্তন বিচারপতি এস পি তালুকদারের নেতৃত্বাধীন কমিটি। আদালতের পর্যবেক্ষণ, গত ১২ বছরে কার্যত কোনও উল্লেখযোগ্য কাজ করেনি কমিটি। এমনকী, কোন সংস্থার কত টাকা ফেরানো হয়েছে, কত আবেদন জমা পড়েছে কিংবা কত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তারও নির্দিষ্ট হিসাব দিতে পারেনি তারা। এই পরিস্থিতিতে কমিটির কর্মীদের বেতন নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।
বৃহস্পতিবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে কমিটির কাজের অগ্রগতি নিয়ে একাধিক প্রশ্ন তোলে আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, এত বছর পেরিয়ে গেলেও চিটফান্ড (Rose Valley Scam) সংস্থাগুলির সম্পত্তি এবং আমানতকারীদের টাকা ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য তৈরি করতে পারেনি কমিটি। কোন সংস্থার কত টাকা ফেরানো হয়েছে, কতজন আমানতকারী আবেদন করেছেন এবং কত সম্পত্তি বাজেয়াপ্ত বা বিক্রি করা হয়েছে, সেই সংক্রান্ত সংস্থাভিত্তিক তথ্যও আদালতে তুলে ধরতে পারেনি তারা।
কমিটির ওয়েবসাইটের বেহাল অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। আদালতের নজরে এসেছে, ওয়েবসাইটে এখনও ৮৯টি চিটফান্ড সংস্থার নাম রয়েছে। অথচ গত কয়েক মাসে আরও ১০৫টি চিটফান্ড সংস্থার টাকা ফেরানোর দায়িত্ব কমিটির হাতে দেওয়া হয়েছে।
শুনানিতে কমিটির তরফে আইনজীবী জানান, রাজ্য সরকারের দেওয়া ৩৪ জন কর্মীর মধ্যে ১৬ জনই ডেটা এন্ট্রি অপারেটর। এই তথ্যের ভিত্তিতে বিচারপতি প্রশ্ন করেন, কাজ না থাকলে ওই কর্মীরা কি বসে বসে বেতন নিচ্ছেন? প্রতিদিন তাঁদের কতগুলি করে তথ্য নথিভুক্ত করতে হয়? আদালতের বক্তব্য, কর্মীদের দিয়ে যদি কোনও কাজই করানো না হয়, তা হলে তাঁদের অন্যত্র বদলি করার প্রস্তাব দেওয়া উচিত। কারণ, তাঁদের বেতনের অর্থ আসছে সাধারণ মানুষের করের টাকা থেকেই। (Rose Valley Scam)
শুনানি শেষে কমিটিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রথম পর্যায়ে যে ৫৩টি চিটফান্ড সংস্থার দায়িত্ব কমিটির হাতে দেওয়া হয়েছিল, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে সেই সংস্থাগুলির যাবতীয় তথ্য রিপোর্ট আকারে আদালতে জমা দিতে হবে।
আদালতের এই নির্দেশের ফলে চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় কমিটির কাজের অগ্রগতি নিয়ে নতুন করে নজরদারি শুরু হতে চলেছে। দীর্ঘদিন ধরে টাকা ফেরতের অপেক্ষায় থাকা আমানতকারীরা আদৌ কবে তাঁদের প্রাপ্য অর্থ হাতে পাবেন, এখন সেটাই বড় প্রশ্ন।


