Aaj India Desk, নয়াদিল্লি: বাংলাদেশে ঐতিহাসিক স্থাপনা রক্ষার প্রশ্নে ফের তৈরি হল বিতর্ক। এবার আলোচনার কেন্দ্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের (Ritwik Ghatak) পৈতৃক বাড়ি। রাজশাহীর (Rajshahi) ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় অবস্থিত এই বাড়ির একটি ঘরের দেওয়াল নতুন করে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাড়ির দেওয়াল সংলগ্ন একটি পুরনো বটগাছও কেটে ফেলা হয়েছে , স্বাভাবিকভাবেই তা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে দুই বাংলার সাংস্কৃতিক মহলে।
জন্মবার্ষিকীর স্মৃতিও রেহাই পেল না?
বাড়িটির ক্ষতিগ্রস্ত অংশটি ঘিরেই রয়েছে বিশেষ আবেগ। ওই ঘরেই একসময় উদ্যাপিত হয়েছিল ঋত্বিক ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী। দেওয়ালে জায়গা পেয়েছিল তাঁর ছবি এবং পরিচালিত একাধিক বিখ্যাত চলচ্চিত্রের নাম। চলতি বছরের ৪ নভেম্বরও সেখানেই পালিত হয় পরিচালকের ১০১তম জন্মবার্ষিকী। অথচ সেই স্মৃতিবিজড়িত ঘরের দেওয়ালই এখন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা।
বারবার ভাঙার চেষ্টা, অভিযোগ সংস্কৃতিকর্মীদের
গত বুধবার এই ঘটনার প্রতিবাদে পথে নামেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির (Ritwik Ghatak Film Society) সদস্য এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়িটি সংরক্ষণের দাবি জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাতের (Hasibul Hasnat) দাবি, ২০২৪ সালের পর থেকে অন্তত তিন-চারবার বাড়িটি ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, প্রথমে ভারী যন্ত্রের সাহায্যে বাড়ির বড় অংশ ধ্বংস করা হয়। বর্তমানে শ্রমিক ও মিস্ত্রিদের কাজে লাগিয়ে অবশিষ্ট অংশও সরিয়ে ফেলার চেষ্টা চলছে।
হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে অভিযোগ
ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটির সদস্য-সচিব আতিকুর রহমান (Atikur Rahman) এই ঘটনার জন্য রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Rajshahi Homoeopathic Medical College and Hospital) কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, পরিচ্ছন্নতার কাজের কথা বলে শ্রমিকদের নিয়ে আসা হলেও বাস্তবে বাড়ি ভাঙার উদ্যোগ চলছিল। স্থানীয়দের বাধায় সেই কাজ বন্ধ হয়। যদিও এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
সত্যজিৎ রায়ের বাড়ি ঘিরে বিতর্কের স্মৃতি
ঘটনাটি সামনে আসতেই গত বছরের জুলাই মাসে ময়মনসিংহে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) পৈতৃক বাড়ির একাংশ ভাঙার উদ্যোগের স্মৃতি ফিরে এসেছে। ওই বাড়িতে একসময় শিশু অ্যাকাডেমি চলত। বহুতল নির্মাণের পরিকল্পনা ঘিরে বিতর্ক তৈরি হলে দেশ-বিদেশে প্রতিবাদ শুরু হয়। পরে প্রশাসন ভাঙার কাজ স্থগিত রাখে।
এবার ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির ক্ষেত্রেও একই রকম প্রতিবাদের সুর শোনা যাচ্ছে। বাড়িটিকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে সংরক্ষণের দাবি উঠেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের (Tarique Rahman) সরকারের কাছেও দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। এখন দেখার, এই ঐতিহাসিক বাড়ি রক্ষায় প্রশাসন কী পদক্ষেপ করে।


