Aaj India Desk, কলকাতা: বারুইপুর (Baruipur) থেকে শুরু হওয়া এনকাউন্টারের (Encounter) ঘটনা এবার পৌঁছল শান্তিনিকেতনে। এখনও পর্যন্ত রাজ্যে পাঁচটি এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। আর তা নিয়েই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, অপরাধ দমনের নামে কি আইন ও বিচারব্যবস্থার বাইরে গিয়ে পদক্ষেপ করা হচ্ছে? এনকাউন্টার কি আদৌ বিচারবহির্ভূত হত্যা? এই বিষয়ে নিজের মতামত জানালেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।
এনকাউন্টার নিয়ে বিরোধীদের একাংশের অভিযোগ, পুলিশ এভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এই অভিযোগের জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “বাংলায় এনকাউন্টার হচ্ছে, ঠিকই আছে। যদি দুষ্কৃতীরা পুলিশকে গুলি করে, পুলিশ তো নিশ্চয়ই রসগোল্লা ছুড়বে না।” উল্লেখ্য, গত সপ্তাহে শান্তিনিকেতনে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় রতন শেখ নামে এক অভিযুক্ত দুষ্কৃতী। তার বিরুদ্ধে ৩৬টি মামলা ছিল বলে জানা গিয়েছে।
বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। তাঁর মতে, প্রচলিত আইনি পথে কোনও মামলার নিষ্পত্তি হতে কতটা সময় লাগবে, তা আগে থেকে বলা কঠিন। অন্যদিকে, সাধারণ মানুষ অপরাধের ঘটনায় দ্রুত পদক্ষেপ দেখতে চান। কিন্তু আইনের নির্দিষ্ট নিয়ম মেনে চলার কারণে সব ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
তবে পুলিশের এই পদক্ষেপকে বিচারবহির্ভূত হত্যা বলে মানতে রাজি নন প্রাক্তন বিচারপতি। তাঁর বক্তব্য, কাউকে পরিকল্পনা করে হত্যা করা হচ্ছে না। তাঁর দাবি, অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় তারা যদি পুলিশের উপর হামলা চালায়, তাহলে আত্মরক্ষার জন্য পুলিশকেও পাল্টা গুলি চালাতে হতে পারে। সেই পরিস্থিতিতেই কেউ আহত বা নিহত হচ্ছেন। এই যুক্তিতেই এনকাউন্টারকে তিনি সম্পূর্ণ সমর্থন করছেন। তাঁর কথায়, “আমি এই এনকাউন্টার ১০০ শতাংশ সমর্থন করছি।”
এছাড়াও বিরোধীদের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ, প্রকাশ্যে বিরোধীরা এনকাউন্টারের বিরোধিতা করলেও ব্যক্তিগত আলোচনায় পুলিশের এমন পদক্ষেপকে সমর্থন করেন। এমনকি তাঁদের মুখে ‘ঠিক আছে, চালাও’ ধরনের মন্তব্যও শোনা যায় বলে দাবি তাঁর। সব মিলিয়ে বিচারব্যবস্থার প্রতি বিরোধীদের প্রকৃত আস্থা কতটা, সেই প্রশ্নও তুলেছেন তিনি।


