কলকাতা: একদিকে বামপন্থী ও প্রগতিশীল সাহিত্য, অন্যদিকে জাতীয়তাবাদী ভাবধারার বই। কলেজ স্ট্রিটে এবার যেন বইয়ের পাতাতেই মুখোমুখি দুই রাজনৈতিক আদর্শ! এসএফআইয়ের বুকস্টলের সামনেই পাল্টা বইয়ের সম্ভার নিয়ে বসতে চাইল গেরুয়াপন্থী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আর সেই উদ্যোগ ঘিরেই বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার বইপাড়া (SFI-ABVP clash)।
ঘটনার সূত্রপাত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআইয়ের অস্থায়ী বুকস্টলকে কেন্দ্র করে। মঙ্গলবার পুলিশের বাধার অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন এসএফআই কর্মীরা। বুধবার নতুন করে বুকস্টল সাজায় বাম ছাত্র সংগঠনটি। এর পরেই পাল্টা সেখানে বইয়ের স্টল করার দাবি তোলে এবিভিপি (SFI-ABVP clash)।
বইয়ের তালিকাতেও ছিল দুই সংগঠনের ভাবধারার পার্থক্য। এসএফআইয়ের স্টলে রক্তকরবী, জগদীশচন্দ্র বসু ও শিব্রাম চক্রবর্তীর মতো লেখকদের বইয়ের পাশাপাশি বামপন্থী সাহিত্য ছিল। অন্যদিকে এবিভিপির সদস্যদের হাতে দেখা যায় আরএসএসের প্রতিষ্ঠাতা ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার এবং এম এস গোলওয়ালকরের লেখা ও তাঁদের নিয়ে প্রকাশিত বই। ছিল জাতীয়তাবাদী ভাবধারার বইও।
এবিভিপির দাবি, এসএফআই যদি সেখানে বই বিক্রি করতে পারে, তা হলে তারাও বইয়ের স্টল বসানোর অধিকার রাখে। সংগঠনের সদস্যদের বক্তব্য, এ নিয়ে প্রশাসনের সঙ্গে কথা চলছে। অন্যদিকে, এসএফআইয়ের অভিযোগ, তাদের বুকস্টল ঘিরে বাধা ও অশান্তি তৈরি করা হচ্ছে (SFI-ABVP clash)।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ব্যারিকেড তৈরি করে। কিন্তু তাতেও উত্তেজনা কমেনি। ব্যারিকেড পেরিয়ে এগোনোর চেষ্টা ঘিরে এবিভিপি সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বচসা শুরু হয়। রাস্তায় বসে এবং শুয়ে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা। অভিযোগ, এই সময় বামেদের কিছু পোস্টার ও ব্যানারও ছেঁড়া হয়। এই অশান্তির (SFI-ABVP clash) জেরে কলেজ স্ট্রিট ও সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রী ও পথচলতি মানুষ।
বইপাড়ার এই সংঘাত এখন বড় প্রশ্ন তুলে দিয়েছে, কলেজ স্ট্রিটে বইয়ের স্টল ঘিরে কি শুরু হল দুই ছাত্র সংগঠনের আদর্শগত প্রতিযোগিতা? নাকি অস্থায়ী স্টলের অনুমতি ও জায়গা নিয়েই মূল বিরোধ? আপাতত বইয়ের শহরে বই ঘিরেই রাজনৈতিক সংঘাতের ছবি সামনে এল।


