25 C
Kolkata
Tuesday, November 17, 2026
spot_img

বদলের বাংলায় বন্ধ হতে পারে মিশনারি স্কুল? এই কাজ করলেই মহা বিপদ! সাফ হুঁশিয়ারি শমীকের!

কলকাতা: বদলের বাংলায় কি এবার মিশনারি স্কুলের (Missionary School) উপরেও ঝুলছে নিষেধাজ্ঞার খাঁড়া? গেরুয়া শাড়ি পরা যাবে না, ক্লাসে পদ্মফুলের নাম নেওয়া যাবে না! এমনই বিস্ফোরক অভিযোগ তুলে এবার খ্রিস্টান মিশনারি স্কুলগুলিকে কার্যত কড়া হুঁশিয়ারি দিলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) তাঁর সাফ কথা, কোনও স্কুলে ভারতবিরোধী কাজ হলে বা ধর্ম ও রঙের ভিত্তিতে বৈষম্য করা হলে তা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে স্কুল চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর শমীকের এই মন্তব্য ঘিরেই রাজ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলকাতার একটি অভিজাত স্কুলের বিরুদ্ধে অভিযোগ তোলেন শমীক। যদিও স্কুলটির নাম প্রকাশ করেননি তিনি। বিজেপি সভাপতির দাবি, ওই স্কুলে বিজেপির এক মহিলা কর্মী শিক্ষকতা করেন। রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে গেরুয়া শাড়ি পরে দেখা যায়। সেই কারণেই নাকি স্কুল কর্তৃপক্ষ তাঁকে গেরুয়া শাড়ি পরে পড়াতে আসতে নিষেধ করেছে। এমনকী, পড়ুয়াদের সামনে পদ্মফুলের নাম উল্লেখ করতেও বারণ করা হয়েছে বলে অভিযোগ শমীকের। তাঁর প্রশ্ন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পোশাকের রং কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে এমন নিষেধাজ্ঞা কেন?

এর পাশাপাশি ধর্মান্তরণ নিয়েও সরব হন বিজেপি সভাপতি। তাঁর দাবি, আসানসোল ও বর্ধমানে ধর্মান্তরণের ঘটনা ঘটছে। খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে তাঁর বার্তা, “আপনারা নিজেদের ধর্ম নিয়ে যা করার করুন। কিন্তু মনে রাখবেন, এটা বামফ্রন্টের সরকার নয়।” এরপরই আরও কড়া হুঁশিয়ারি, “পশ্চিমবঙ্গের কোনও ক্রিশ্চান মিশনারি স্কুলে (Missionary School) যদি ভারতবিরোধী কাজ হয়, তা হলে আমরা স্কুল চলতে দেব না।” একটি স্কুলের আধিকারিকের টেবিলে পাকিস্তানের পতাকা রাখা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সেই স্কুলের নামও জানাননি।

শমীকের (Samik Bhattacharya) এই মন্তব্যের পরেই পালটা উদ্বেগ প্রকাশ করেছে বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিল। কলকাতায় সাংবাদিক বৈঠক করে কাউন্সিলের সভাপতি পরিতোষ ক্যানিং দাবি করেন, গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের উপর হামলার ঘটনা ঘটেছে। বড়দিনের আগে পরিস্থিতি নিয়ে তাঁরা উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চেয়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করার কথাও জানিয়েছে সংগঠনটি।

কাউন্সিলের দাবি, ৪ মে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের আগে এমন পরিস্থিতি ছিল না। ফলে প্রশ্ন উঠছে, বদলের বাংলায় কি এবার মিশনারি স্কুলগুলির (Missioary School) ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে? নাকি শমীকের হুঁশিয়ারি নির্দিষ্ট অভিযোগের তদন্তের দাবিতেই সীমাবদ্ধ থাকবে? অভিযোগের সত্যতা যাচাই এবং স্কুলগুলির বক্তব্য সামনে আসা, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন