SPECIAL FEATURE
নয়াদিল্লি: এক পৃথিবী, অথচ যেন দুটো সম্পূর্ণ আলাদা বাস্তব! কোথাও মানুষের হাঁটার পথ তৈরি হবে ২৪ ক্যারেট সোনা দিয়ে (Dubai 24-Karat Gold Walkway) কোথাও আবার একবেলার খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয় অসংখ্য মানুষকে। কোথাও বিলাসিতার নতুন সংজ্ঞা লিখতে চলেছে দুবাই, অন্যদিকে ক্ষুধা ও অপুষ্টির পরিসংখ্যান মনে করিয়ে দিচ্ছে, উন্নয়নের গল্প এখনও সবার ঘরে পৌঁছয়নি। একদিকে সোনার ঝলক, অন্যদিকে খালি পেটের বাস্তবতা, এই দুই ছবিই যেন আজকের পৃথিবীর সবচেয়ে বড় বৈপরীত্য!
প্রথমে তাকানো যাক দুবাইয়ের দিকে। ফের একবার গোটা বিশ্বের নজর কাড়তে চলেছে এই শহর। দেইরার দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে তৈরি হওয়ার পরিকল্পনা রয়েছে ২৪ ক্যারেট সোনার ওয়াকওয়ে (Dubai 24-Karat Gold Walkway)। দাবি, এটিই হতে পারে বিশ্বের দীর্ঘতম সোনার পথ। ২০২৬ সালের শেষের দিকে প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা। পর্যটকদের আকর্ষণ করা এবং আন্তর্জাতিক স্বর্ণবাণিজ্যের কেন্দ্র হিসেবে দুবাইয়ের পরিচিতি আরও মজবুত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ভাবুন তো, যে রাস্তায় হাঁটবেন, তার সঙ্গেই জড়িয়ে থাকবে ২৪ ক্যারেট সোনার নাম (Dubai 24-Karat Gold Walkway)! যদিও গোটা রাস্তা নিরেট সোনা দিয়ে তৈরি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রকল্পের দৈর্ঘ্য, সোনার পরিমাণ কিংবা খরচও প্রকাশ করা হয়নি। তবু পরিকল্পনাটুকুই বুঝিয়ে দিচ্ছে, বিলাসিতার সংজ্ঞাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চায় দুবাই।
এবার ছবির অন্য দিক। ২০২৬ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ১২২টি দেশের মধ্যে ভারতের স্থান ১০০। স্কোর ২৪.১, অর্থাৎ ক্ষুধার মাত্রা ‘গুরুতর’ পর্যায়ে। রিপোর্ট অনুযায়ী, ভারতে পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে ওয়েস্টিংয়ের হার ১৯ শতাংশ। শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়ার হার ২৯.৩ শতাংশ। এই পরিসংখ্যান শুধু সংখ্যার হিসাব নয়, শিশুদের পুষ্টি ও সুস্থ ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নও তুলে দেয়।
একদিকে যেখানে মানুষের পায়ের নীচে সোনা বিছিয়ে দেওয়ার পরিকল্পনা, অন্যদিকে সেখানে শিশুদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করাই এখনও বড় চ্যালেঞ্জ। দুবাইয়ের সোনালি স্বপ্ন আর ভারতের ক্ষুধার পরিসংখ্যান পাশাপাশি রাখলে চোখে পড়ে উন্নয়নের দুই ভিন্ন ছবি।
অবশ্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের স্কোর কোনও দেশের প্রতিটি মানুষের খাদ্য পরিস্থিতির সম্পূর্ণ ছবি নয়। তবু এই পরিসংখ্যান উপেক্ষা করার মতোও নয়।
প্রশ্নটা তাই শুধু দুবাই কতটা সোনা দিয়ে রাস্তা সাজাবে, তা নয়। যে পৃথিবী সোনার ওয়াকওয়ে (Dubai 24-Karat Gold Walkway) তৈরির স্বপ্ন দেখতে পারে, সেই পৃথিবীতে প্রতিটি শিশুর পাতে পর্যাপ্ত খাবার পৌঁছনোর স্বপ্ন কি এখনও অধরা থেকে যাবে? শেষ প্রশ্ন, বিশ্বগুরু হওয়ার দৌড়ে ছুটতে থাকা ভারত মানবসভ্যতার এই বৈপরীত্য কী দেখতে পাচ্ছে?


