29 C
Kolkata
Monday, November 16, 2026
spot_img

ভারতের হামলার ভয়? রাতারাতি গোপন ডেরায় সরানো হল পাকিস্তানের দুই কুখ্যাত জঙ্গিকে!

Aaj India Desk, নয়াদিল্লি: পাকিস্তানে (Pakistan) হঠাৎ করেই বাড়ানো হল দুই কুখ্যাত জঙ্গি নেতা (Terrorist Leader) মাসুদ আজহার ও হাফিজ সইদের নিরাপত্তা। ভারতের একাধিক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত এবং রাষ্ট্রসংঘের কালো তালিকাভুক্ত এই দুই জঙ্গিকে সম্প্রতি নিজেদের পুরনো ঠিকানা থেকে সরিয়ে গোপন ও অত্যন্ত সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়েছে পাকিস্তান।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের সম্ভাব্য সামরিক অভিযান কিংবা টার্গেট কিলিংয়ের আশঙ্কাতেই গত এক সপ্তাহের মধ্যে এই পদক্ষেপ করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)। জানা যাচ্ছে, লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে লাহোরের জোহর টাউনের বাড়ি থেকে সরিয়ে রাওয়ালপিন্ডির একটি সেনা নিয়ন্ত্রিত এলাকায় রাখা হয়েছে। পাকিস্তানের সেনা সদর দফতরের কাছাকাছি হওয়ায় জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে নিরাপত্তাও বেশ কড়া। অন্যদিকে, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে নিয়ে যাওয়া হয়েছে সিন্ধ প্রদেশের নওয়াবশাহের একটি গোপন সুরক্ষিত কম্পাউন্ডে।

পাকিস্তানের এই তৎপরতার পিছনে ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কাই বড় কারণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে পাকিস্তানের উদ্বেগ আরও বেড়েছে। ওই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত এলাকায় একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারত। ধ্বংস হয়েছিল জইশ-ই-মহম্মদের বাহাওয়ালপুরের সদর দফতরও। এর পাশাপাশি, পাকিস্তানের মাটিতে গত কয়েক মাসে একের পর এক ভারত-বিরোধী জঙ্গি ও তাদের সহযোগীদের রহস্যজনক মৃত্যুর ঘটনাও চিন্তা বাড়িয়েছে সে দেশের গোয়েন্দাদের।

নিরাপত্তার কড়াকড়ি, যোগাযোগেও বিধিনিষেধ

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির দাবি, নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে দুই জঙ্গি নেতাই এখন অনেক বেশি সতর্ক। আগের মতো প্রকাশ্যে চলাফেরা করছেন না তাঁরা। এমনকী, নিজেদের সংগঠনের সদস্যদের সঙ্গেও যোগাযোগ কমিয়ে দিয়েছেন।

হাফিজ সইদের ক্ষেত্রে জানা যাচ্ছে, লস্করের সদস্যদের সঙ্গে সরাসরি বৈঠক আপাতত বন্ধ রেখেছে সে। সংগঠনের লোকজনকে নির্দেশ দেওয়ার জন্য সরাসরি যোগাযোগের বদলে আগে থেকে রেকর্ড করা অডিয়ো বার্তা ব্যবহার করছে সে। অন্যদিকে, মাসুদ আজহারও সাধারণ জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে না। নওয়াবশাহের গোপন আস্তানা থেকেই সংগঠনের কাজকর্ম পরিচালনা করছে সে। আপাতত জইশের কয়েকজন অত্যন্ত বিশ্বস্ত শীর্ষ কমান্ডারের সঙ্গেই যোগাযোগ সীমাবদ্ধ রেখেছে এই জঙ্গি নেতা।

পাকিস্তানের বক্তব্য নিয়ে উঠছে প্রশ্ন

এই পরিস্থিতিতে পাকিস্তানের সরকারি বক্তব্য নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, এতদিন ইসলামাবাদের দাবি ছিল, জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর মামলায় হাফিজ সইদ লাহোরের কোট লাখপত জেলে বন্দি রয়েছে। অন্যদিকে, মাসুদ আজহারের অবস্থান সম্পর্কে কিছুই জানা নেই বলে দাবি করে এসেছে পাকিস্তান। এমনকী, সে আফগানিস্তানে পালিয়ে গিয়েছে বলেও বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে।

অথচ ২০২৬ সালের পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা FIA-র মোস্ট ওয়ান্টেড তালিকায় এখনও রয়েছে মাসুদ আজহারের নাম। আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদে অর্থ জোগান নিয়ে পর্যালোচনার আগে তার মাথার দাম বাড়িয়ে ৭০ লক্ষ পাকিস্তানি টাকা করা হয়েছে বলেও জানা গিয়েছে।

তবে পাকিস্তানের এই সমস্ত দাবিকে বিশ্বাস করতে নারাজ ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি। তাদের মূল্যায়ন, ২০০১ সালের সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার সঙ্গে যুক্ত এই দুই জঙ্গি নেতা আসলে সাধারণ বন্দির মতো জীবন কাটাচ্ছেন না। বরং পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার আড়ালেই তাঁদের রাখা হয়েছে বলে অভিযোগ।

সব মিলিয়ে, আন্তর্জাতিক চাপ এবং ভারতের সম্ভাব্য পদক্ষেপের আশঙ্কায় পাকিস্তান যে এই দুই জঙ্গি নেতাকে নিরাপদে রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে, সাম্প্রতিক এই ঘটনাকে সেই ইঙ্গিত হিসেবেই দেখছে ভারতীয় নিরাপত্তা মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন