Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: বরানগরে ২৬ বছরের তরুণী অঞ্জলি সাউকে (Anjali Shaw) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। মূল অভিযুক্ত তথা অঞ্জলির প্রেমিক ধরম বীরকে দিল্লি থেকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। পূর্ব দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনের বাইরে থেকে তাঁকে আটক করেন বরানগর থানার পুলিশকর্মীরা। সাব-ইনস্পেক্টর অনীশ রায়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। খুনের (Murder) পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন ধরম বীর। শেষ পর্যন্ত মোবাইল ফোনের টাওয়ার লোকেশন অনুসরণ করেই তাঁর সন্ধান পান তদন্তকারীরা।
খুনের দু’দিন আগে কলকাতায় এসেছিলেন ধরম বীর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অঞ্জলিকে খুন করার দু’দিন আগে, অর্থাৎ ৮ তারিখে কলকাতায় আসেন ধরম বীর। দক্ষিণেশ্বরের ময়ূর গেস্ট হাউসে ঘর ভাড়া নেন তিনি। মন্দির দর্শনে এসেছেন বলে গেস্ট হাউস কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। উত্তরপ্রদেশের বাসিন্দা ধরম বীর নিজের আধার কার্ড দেখিয়েই ঘর বুক করেছিলেন। তদন্তকারীদের দাবি, মঙ্গলবার অঞ্জলিকে খুন করার পর বিকেল ৪টে নাগাদ ফ্ল্যাট থেকে বেরিয়ে ওই গেস্ট হাউসে ফিরে যান তিনি। সেখানে কিছুক্ষণ থাকার পর হোটেলের বিল মিটিয়ে হাওড়া স্টেশনের দিকে রওনা দেন। ইতিমধ্যেই গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
রাত ১টা ৪০ মিনিট নাগাদ হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেসে ওঠেন অভিযুক্ত। মুঘলসরাই স্টেশনে পৌঁছে অঞ্জলির মোবাইল ফোনটি বন্ধ করে দেন তিনি। এরপর নিজের ফোন চালু করেন। পরে প্রয়াগরাজে ট্রেন বদলে দিল্লির উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে পৌঁছে কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের সঙ্গে দেখাও করেন। রাতে আবার আনন্দ বিহার স্টেশনে ফিরে এলে সেখানেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
জামাইবাবুর ফ্ল্যাটে মিলেছিল অঞ্জলির দেহ
গত মঙ্গলবার বরানগর থানার ১৭ নম্বর ওয়ার্ডের শীতলামাতা লেনের একটি ফ্ল্যাট থেকে অঞ্জলির দেহ উদ্ধার হয়। ডানলপের বাসিন্দা ২৬ বছরের ওই তরুণী সেদিন দুপুরে বরানগরে তাঁর দিদি ও জামাইবাবুর ফাঁকা ফ্ল্যাটে এসেছিলেন। দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতর থেকে অঞ্জলির দেহ উদ্ধার করা হয়।
পাবজি খেলাকে কেন্দ্র করে অশান্তি?
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধরম বীর পাবজি খেলায় অত্যন্ত আসক্ত ছিলেন। এই খেলা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে বিবাদের জেরেই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। তবে ঠিক কী কারণে অঞ্জলিকে খুন করা হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বরানগরে অঞ্জলির আবাসনের ঠিকানা আগে থেকেই জানতেন অভিযুক্ত।
খুনের পরেও মৃতার ফোন থেকে পরিবারের কাছে বার্তা
তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। অঞ্জলির মৃত্যুর পর তাঁর মোবাইল থেকেই দাদা শিবম সাউয়ের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়েছিল। এমনকি রাতে একই নম্বর থেকে তাঁর মাকে হোয়াটসঅ্যাপ কলও করা হয়। ফোনে অঞ্জলির মা অভিযুক্তকে সরাসরি প্রশ্ন করেন, কেন তাঁর মেয়েকে খুন করা হয়েছে। কিন্তু কোনও জবাব না দিয়েই ফোন কেটে দেওয়া হয়।
অন্যদিকে, অঞ্জলির মোবাইল ফোন, পার্স এবং সোনার গয়নাও খোয়া গিয়েছিল বলে অভিযোগ। এরপর থেকেই নিখোঁজ ফোনটির টাওয়ার লোকেশন ধরে অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, বারবার ফোনটি চালু করে নিজের অবস্থান পরিবর্তন করছিলেন ধরম বীর। পুলিশের অনুমান, তদন্তের গতিপথ ঘুরিয়ে দিতেই এমনটা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন অভিযুক্ত। গোটা ঘটনার পিছনে আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে বরানগর থানার পুলিশ।


