23 C
Kolkata
Tuesday, November 10, 2026
spot_img

২৪ ঘণ্টার মধ্যে পরিষেবা, স্কুল উন্নয়নে ১২ লক্ষ! ৬ মাসে নিজের কাজের খতিয়ান তুলে ধরলেন বিধায়ক কুণাল ঘোষ!

Aaj India Desk, কলকাতা : বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর ছ’মাস কেটে গেছে। এবার মুখ্যমন্ত্রীর মতো একই ভাবে বেলেঘাটা বিধানসভা এলাকায় কী কী কাজ করেছেন, তার বিস্তারিত খতিয়ান প্রকাশ করলেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নাগরিক পরিষেবা থেকে শুরু করে স্কুলের পরিকাঠামো উন্নয়ন, রাস্তা মেরামত, সুভাষ সরোবরের সৌন্দর্যায়ন, বাসরুট চালুর উদ্যোগ সহ একাধিক কাজের কথা তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে ভোট-পরবর্তী অশান্তি এবং কয়েকজন কাউন্সিলরের দলবদলের তৎপরতার কারণে উন্নয়নের কাজে বাধা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেছেন কুণাল।

২৪ ঘণ্টার মধ্যে নাগরিক পরিষেবার দাবি

কুণাল ঘোষের (Kunal Ghosh) দেওয়া হিসাব অনুযায়ী, বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর অফিসের মাধ্যমে ৩১০০-র বেশি বিধিবদ্ধ শংসাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি ও প্রয়োজনীয় ফর্মে ৫০০-র বেশি ক্ষেত্রে স্বাক্ষর করা হয়েছে। তাঁর দাবি, নাগরিকদের এই পরিষেবা ২৪ ঘণ্টার মধ্যে দেওয়ার ব্যবস্থা করেছে তাঁর অফিস।

অন্নপূর্ণা যোজনার টাকা পেতেও উদ্যোগ

বিপদগ্রস্ত ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন বিধায়ক। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পেতে বেশ কয়েকজন অসুস্থ ব্যক্তির পরিবারের জন্য ব্যবস্থা করেছেন তিনি। পাশাপাশি যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত হচ্ছিলেন, তাঁদের প্রাপ্য অর্থ পাইয়ে দিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করেছেন।

একাধিক প্রকল্পে উদ্যোগ

বেলেঘাটার উন্নয়নমূলক প্রকল্প নিয়েও মুখ্যমন্ত্রী ও কলকাতা পুরসভার কমিশনারের সঙ্গে চিঠি, বৈঠক এবং প্রশাসনিক সমন্বয়ের কথা উল্লেখ করেছেন কুণাল। সুভাষ সরোবরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের প্রক্রিয়া এগিয়েছে বলেও দাবি তাঁর। এছাড়া পুজোর আগে বেলেঘাটা বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তা ও ফুটপাত মেরামতের জন্য পুরসভার সঙ্গে বৈঠক করেছিলেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি সেতু ও খাল সংস্কার এবং ক্যানেল ইস্ট ও ক্যানেল ওয়েস্ট রোড সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে। হাওড়া বাসরুট চালুর জন্য পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথাও জানিয়েছেন তিনি।

শিক্ষা পরিকাঠামোর উন্নয়নেও বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। টাকি গার্লস স্কুলের শৌচাগার সংস্কার এবং পরিকাঠামো উন্নয়নের জন্য ১২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আরও কয়েকটি স্কুলের উন্নয়নের জন্য বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তাঁর দাবি।

তবে ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, ভোটের পর বেলেঘাটার কয়েকটি এলাকায় হামলা ও অসভ্যতার ঘটনা না ঘটলে এবং কয়েকজন কাউন্সিলর উধাও হয়ে না গেলে কিংবা দলবদলের চেষ্টা না করলে আরও বেশি কাজ করা সম্ভব হত। তবে পরিস্থিতি যাই হোক, বেলেঘাটার উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এবার বাস্তবে বেলেঘাটায় উন্নয়ন কতটা প্রতিফলিত হয় সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন