Aaj India Desk, কলকাতা: এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ হওয়ার পরেও ভোটার তালিকায় (Voter List) নাম রয়েছে, এমন ২০০-র বেশি ব্যক্তির নাগরিকত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের কাছে ভারতীয় পাসপোর্টের পাশাপাশি অন্য দেশের পাসপোর্টও রয়েছে। এমনকী, কারও কারও কাছে ভারতীয় ভোটার কার্ড-সহ একাধিক সরকারি পরিচয়পত্র থাকার তথ্য সামনে এসেছে। এই ঘটনায় এবার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন নির্বাচনী কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাস থেকে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO)-র তরফে ২০০-র বেশি ব্যক্তির তথ্য পাঠানো হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ERO)-দের বিষয়গুলি খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি, নাগরিকত্ব ও সরকারি নথির বৈধতা যাচাই করে আইন অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই হাওড়ার শিবপুরের এক ব্যক্তিকে ঘিরে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ERO-র তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছে ভারত এবং বাংলাদেশ, দুই দেশেরই পাসপোর্ট রয়েছে। শুধু তাই নয়, তাঁর কাছে ভারতীয় ভোটার কার্ড এবং আধার কার্ডও রয়েছে।
তদন্তের সময় ওই ব্যক্তি নিজেই জানিয়েছেন যে তিনি বাংলাদেশের নাগরিক। পাশাপাশি, ভারতের ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য ইতিমধ্যেই ৭ নম্বর ফর্ম জমা দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট ERO-র তদন্তে এই তথ্যগুলি উঠে এসেছে বলে জানা গিয়েছে।
শিবপুরের এই ঘটনা সামনে আসার পর FRRO-র পাঠানো বাকি ব্যক্তিদের তথ্যও গুরুত্ব দিয়ে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ERO-রা প্রত্যেকের নাগরিকত্ব, পাসপোর্ট এবং অন্যান্য সরকারি পরিচয়পত্র খতিয়ে দেখবেন। স্বরাষ্ট্র দফতর সূত্রে আরও জানা গিয়েছে, তদন্তে কোনও ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। এসআইআর প্রক্রিয়ার পরেও ভোটার তালিকায় কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা নিশ্চিত করতেই এই তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গোটা বিষয়টির উপর নজর রাখছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরও।


