মুম্বই: আপনার রান্নাঘরে কি সকালবেলার রান্না থেকে শুরু করে পুজোর ভোগ, বাড়ির হরেক পদ কিংবা অতিথি আপ্যায়নে ব্যবহার হয় পতঞ্জলির ঘি (Patanjali Ghee)? তাহলে সাবধান! বাবা রামদেবের ‘সম্পূর্ণ অরগ্যানিক’ দাবী করা সেই পরিচিত ব্র্যান্ড পতঞ্জলির ঘি নিয়েই তৈরি হল চাঞ্চল্য! মহারাষ্ট্রে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে বাজেয়াপ্ত হল ২,২৭৯.৭ লিটার পতঞ্জলির গরুর দুধের ঘি।
উৎসবের মরশুমে ভেজাল খাবারের কারবার রুখতে মহারাষ্ট্রজুড়ে বড়সড় অভিযান চালায় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA। আর সেই অভিযানেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ছত্রপতি সম্ভাজিনগরের পতঞ্জলির সুপার ডিস্ট্রিবিউটর ‘মেসার্স দিব্যা মহাবিতরক’-এর গোডাউন থেকে বাজেয়াপ্ত করা হয় ৪,০৩২ ইউনিট ঘি (Patanjali Ghee)। যার বাজারমূল্য প্রায় ২০.২০ লক্ষ টাকা। FDA-র অভিযোগ, ঘিয়ের ওই মজুতের বিরুদ্ধে মিসব্র্যান্ডিং এবং ভেজালের সন্দেহ রয়েছে। প্রাথমিক পরীক্ষায় পণ্যগুলি খাদ্য সুরক্ষা আইনের বিধি লঙ্ঘন করেছে বলেও জানানো হয়েছে।
তবে শুধু পতঞ্জলির ঘি (Patanjali Ghee) নয়, গোটা মহারাষ্ট্রেই চলেছে খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান। রাজ্যের সাতটি প্রশাসনিক বিভাগে ১১৪টি জায়গায় তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৩.৫৩ লক্ষ কেজি খাদ্যপণ্য। বাজারমূল্য ৯.০১ কোটি টাকা! পাশাপাশি খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে ১৯টি খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স বা রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, ২৮ থেকে ৩১ অক্টোবরের পৃথক অভিযানে ১৩টি FIR, ১৬ জন গ্রেপ্তার এবং সাতটি প্রতিষ্ঠান সিল করার খবরও জানিয়েছে FDA।
এবার প্রশ্ন, প্রতিদিনের খাবারের সঙ্গে অজান্তেই কোনও ঝুঁকি নিচ্ছেন না তো সাধারণ মানুষ? উৎসবের আনন্দে খাবারের গুণমান নিয়ে যাতে কোনও আপস না হয়, সেই সতর্কবার্তাই যেন আরও একবার সামনে এনে দিল মহারাষ্ট্রের এই অভিযান!


