Aajindia desk, কলকাতা: একটা সময় নিয়মিত ভাবে বাস (bus) ট্যাক্সির ভাড়া বাড়তো। কিন্তু কোভিডের পরে আর ভাড়া বাড়েনি। অথচ পেট্রোল ডিজেলের দাম বেড়েছে মাত্রা ছাড়া। এই অবস্থায় বহু রুটে বেসরকারি বাসের পরিষেবা প্রায় বন্ধ হতে চলেছে। বাকি রুট গুলোতে লোকসানে চলছে পরিষেবা। ক্ষতি এড়াতে এবার রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং কে চিঠি দিলেন বাস মালিকরা। বাস মালিকদের সংগঠন ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চিঠিতে কি বলা হয়েছে?
বাস(bus)মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস থেকে বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার কথা বলা হয়েছে। প্রস্তাবে জানানো হয়েছে প্রথম ৪ কিলোমিটার অব্দি ১৮ টাকা এবং২০- ২২ কিলোমিটার অব্দি ৩০ টাকা করার কথা। এছাড়াও
• জেলা স্তরের সাধারণ বাস: প্রথম ৪ কিলোমিটারে ২০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ১ টাকা ২০ পয়সা।
• এক্সপ্রেস বাস: প্রথম ৪ কিলোমিটারে ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা।
• সাধারণ এসি বাস: প্রথম ৪ কিলোমিটারের জন্য ৪০ টাকা।
• ভলভো বাস: প্রথম ২ কিলোমিটারের জন্য ৫০ টাকা।
সরকারের তরফ থেকে কি জানানো হলো ?
বাসের (bus) ভাড়া বাড়ানোর ব্যাপারে সরকারের তরফে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে দুর্গাপুজোর আগে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ আশ্বাস দিয়েছিলেন এই ব্যাপারে। তিনি জানিয়েছিলেন লক্ষ্মী পূজার পরে ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে। সেকথা ভেবেই বাস মালিকরা চিঠি দিয়েছেন। পরিবহণ দফতরের একাংশের মতে, সরকারিভাবে এখনও কলকাতার বাসের ন্যূনতম ভাড়া ৭ টাকা। কিন্তু বেসরকারি বাসমালিকেরা দীর্ঘদিন ধরে নিজেরাই ন্যূনতম ভাড়া ১০ থেকে ১৫ টাকা করে নিচ্ছেন। এই পরিস্থিতি ও যাত্রী স্বার্থের কথা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পরিবহণমন্ত্রী।


