Aaj India Desk, কলকাতা : দুর্ঘটনায় মৃত্যু হয় ১৯ জনের। শোকের ভার এখনও কাটেনি। চলছে তদন্তও। কিন্তু সেই মর্মান্তিক মৃত্যুমিছিলই কি না ‘ছোট্ট একটা ঘটনা’! চোরবাগান বিপর্যয় নিয়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোসের (Rathindra Bose) এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সেই মন্তব্য শুনে বিবৃতি দিয়ে মন্তব্য সংশোধন করার দাবি তুললেন বিরক্ত তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
ঠিক কী বলেছিলেন অধ্যক্ষ?
সোমবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে দুর্গাপুজোর প্রসঙ্গ তোলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস (Rathindra Bose)। সেখানেই তিনি বলেন, “আমরা সবাই দুর্গাপুজোতে আনন্দ করেছি, ছোট্ট একটা ঘটনা ঘটেছিল। সেটার জন্য মনটা ভারাক্রান্ত হয়েছিল।” চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনাকে ইঙ্গিত করেই তিনি এই মন্তব্য করেছেন বলে বিতর্ক তৈরি হয়েছে।
পাল্টা কী বললেন কুণাল?
অধ্যক্ষের বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, পুজোয় চোরবাগানের মৃত্যুমিছিল কি সত্যিই ‘ছোট্ট ঘটনা’? কুণাল লেখেন, “মাননীয় বিধানসভার অধ্যক্ষ (Rathindra Bose), পুজোয় চোরবাগানের মৃত্যুমিছিল ছোট্ট ঘটনা? মুখ থেকে বেরোল? বিবৃতি দিয়ে সংশোধন করে নেওয়া প্রয়োজন।” পাশাপাশি আসন্ন বিধানসভা অধিবেশনের শোকপ্রস্তাবে চোরবাগান বিপর্যয়ে নিহত প্রত্যেকের নাম অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, দুর্গাপুজোর সপ্তমীর রাতে কলকাতার চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জন দর্শনার্থীর মৃত্যু হয়েছিল। ঘটনার তদন্তে রাজ্য সরকারের তরফে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। গত শনিবার সিটের বৈঠকে ঘটনার দিন দায়িত্বে থাকা গিরিশ পার্ক থানার পুলিশ আধিকারিক এবং দমকল বিভাগের কর্তাদের তলব করা হয়। প্রায় ১২ থেকে ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।সিটের প্রধান প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী জানিয়েছেন, আগামী ৭ নভেম্বরের বৈঠকে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদেরও ডাকা হতে পারে। এর আগে ২৬ অক্টোবর মহাকরণে প্রথম বৈঠকে বসেছিল তদন্তকারী দল। ঘটনাস্থল পরিদর্শন এবং সংগৃহীত তথ্য যাচাইয়ের পাশাপাশি পরবর্তী জিজ্ঞাসাবাদের তালিকা তৈরির কাজও চলছে। ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত যখন এখনও চলছে, তখন সেই বিপর্যয়কে ‘ছোট্ট ঘটনা’ বলে উল্লেখ করা কতটা সংবেদনশীল, সেই প্রশ্নেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি ঘটনার রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, আগের সরকারের মতো তারা এই ঘটনাকে ছোট ঘটনা বলে এড়িয়ে যাবেন না। এমন মন্তব্যের পরেই স্পিকারের মুখে এহেন বক্তব্য শুনে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।


