Aaj India Desk, কলকাতা : দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের মঞ্চ। বক্তৃতায় নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মুখ ফসকে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘বিজেপি বাংলা লুটেছে, আমরা দিল্লি লুটব’ বলে ফেলেই অবশ্য নিজেকে সামলে নেন তিনি। সংশোধন করে বলেন, ‘আমরা লুটব না, আমরা গণতন্ত্র বাঁচাব।’ তবে ততক্ষণে যা হওয়ার তা হয়েই গেছে! তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে তীব্র সমালোচনা।
রবিবার দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত হয়েছিল ইন্ডিয়া জোটের সভা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে বাংলা লুটের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রসঙ্গেই তিনি বলে ফেলেন, ‘বিজেপি বাংলা লুটেছে, আমরা দিল্লি লুটব।’ সঙ্গে সঙ্গেই নিজের বক্তব্য সংশোধন করে জানান, ‘আমরা লুটব না, আমরা গণতন্ত্র বাঁচাব।’
তবে মমতার (Mamata Banerjee) বক্তব্যে এমন ছন্দময় বা অপ্রত্যাশিত সংলাপ নতুন নয়। রাজনৈতিক সভা থেকে প্রশাসনিক বৈঠক— বিভিন্ন সময়ে তাঁর মুখের কথা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও কৌতূহল। সাম্প্রতিক দিল্লির সভাতেই জনপ্রিয় শিশুদের ছড়া ‘জনি জনি ইয়েস পাপা’-র আদলে নির্বাচন কমিশনকে নিশানা করে ‘ ভোট চুরি ইয়েস পাপা’ বলে প্যারোডি করেন তিনি। এর আগে তাঁর ‘রাম্বা রাম্বা হম্বা হম্বা’ মন্তব্যও আলোচনায় এসেছিল। কখনও আবার ‘বিদ্যা, বই আর ঘরের বউ কাউকে ধার দিতে নেই’, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি প্রসঙ্গে ‘CAA, NRC ছি ছি ছি’ এর মতো স্লোগান দেন তিনি। আরএসএস-ঘনিষ্ঠ এক ব্যক্তিকে নিশানা করে ‘টনসিল’ বলেও কটাক্ষ করেছিলেন মমতা।
এবার দিল্লির মঞ্চে ‘লুট করব’ থেকে ‘গণতন্ত্র বাঁচাব’ কয়েক মুহূর্তের ব্যবধানে এই সংশোধনও এখন চর্চায়। প্রশ্ন উঠছে, রাজনৈতিক মঞ্চে বক্তব্যের ঝাঁজ বাড়াতে গিয়ে শব্দের বাছাই কি বারবার বুমেরাং হয়ে যাচ্ছে? গণতন্ত্র বাঁচানোর বার্তা দিতে গিয়ে শেষ পর্যন্ত কটাক্ষের মুখে পড়ছে নেত্রীর মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি বাক্য! এভাবে চললে রাজনৈতিক বার্তা আর অর্থ কতটা জোরালো থাকবে তাই নিয়েই প্রশ্ন করতে শুরু করেছেন সাধারণ মানুষ।


