30 C
Kolkata
Saturday, October 31, 2026
spot_img

“অর্পিতার বাড়িতে টাকা রেখেছিল, মমতার বাড়িতেও থাকতে পারত” – ‘আসল মাথা’ নিয়ে কী বললেন পার্থ?

Aaj India Desk, কলকাতা: চার বছর আগে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। শিক্ষা ও নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Patha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। এবার সেই টাকা উদ্ধার নিয়ে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। এক সাক্ষাৎকারে তাঁর দাবি, পরিকল্পনা করেই অর্পিতার বাড়িতে ওই টাকা রাখা হয়েছিল। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি থেকেও টাকা উদ্ধার হতে পারত বলে মন্তব্য করেছেন তিনি।

পার্থর দাবি, অর্পিতার বাড়ি থেকে যে টাকা পাওয়া গিয়েছিল, তার সঙ্গে শিক্ষা দুর্নীতির কোনও সম্পর্ক নেই। তাঁকে গ্রেফতার করার জন্য আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ওই বাড়িতে টাকা রাখা হয়েছিল বলে দাবি তাঁর। তবে কারা এই পরিকল্পনা করেছিলেন, তা নিয়ে সরাসরি কোনও নাম জানাননি পার্থ।

সাক্ষাৎকারে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি করেছেন তিনি। পার্থর বক্তব্য, তাঁকে গ্রেফতার করার পিছনে বিরোধী দলের কোনও ভূমিকা ছিল না। তাঁর অভিযোগ, নিজের দলেরই কয়েকজন নেতা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখ্য, সেই সময় রাজ্যে প্রধান বিরোধী দল ছিল বিজেপি।

এছাড়াও ইন্দ্রনীল সেনের প্রসঙ্গ টেনে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, কোনও দুর্নীতি হলে শুধু যাঁরা সামনে রয়েছেন, তাঁদেরই কি দায়? যাঁরা উপরের স্তরে রয়েছেন, তাঁরা কিছুই জানতেন না, এটা কীভাবে সম্ভব? তাঁর কথায়, অনুমতি ছাড়া একটা পিঁপড়েও নড়ত না। তাহলে দুর্নীতির খবর কি শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছয়নি?

পার্থর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ‘আসল লোক’কে এখনও ধরা হয়নি বলে তাঁর ইঙ্গিত কাকে উদ্দেশ্য করে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন