Aaj India Desk, কলকাতা: প্রাথমিকের ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের আইনি জটিলতা! টেট (TET) উত্তীর্ণ হয়েও একাধিক পরীক্ষার্থীকে অকৃতকার্য (Fail) দেখানোর অভিযোগে কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা। বিশেষ করে OBC সংরক্ষণ সংক্রান্ত জটিলতার জেরেই বহু যোগ্য পরীক্ষার্থীকে ফেল দেখানো হয়েছে বলে অভিযোগ মামলাকারীদের।
এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি, সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের পাশের নম্বর এবং অন্যান্য ক্যাটাগরির পরীক্ষার্থীদের পাশের নম্বরের মধ্যে নির্দিষ্ট পার্থক্য থাকা প্রয়োজন। সেই অনুযায়ী, সংরক্ষিত ক্যাটাগরির TET পরীক্ষার্থীদের ক্ষেত্রে পাশের নম্বর ৮২ এবং অন্যান্য ক্যাটাগরির পরীক্ষার্থীদের ক্ষেত্রে ৮৯ করার আবেদন জানানো হয়েছে।
মামলাকারীদের আরও দাবি, সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের সঙ্গে অন্যান্য ক্যাটাগরির পরীক্ষার্থীদের নম্বরের তুলনায় প্রয়োজনীয় পার্থক্য বজায় রাখা হয়নি। এর ফলে বহু পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জানা গিয়েছে, মামলাটি জরুরি ভিত্তিতে দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অর্জুন রায় মুখার্জি। আগামী সোমবার, ২ নভেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা। এখন আদালতের শুনানিতে কী উঠে আসে এবং প্রাথমিকের ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা।


