কলকাতা: আর জি কর (RG Kar case) মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় ফের বড় আইনি মোড়! তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর এবার জামিন পেলেন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন ভেন্ডার সুমন হাজরা। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন।
কেন এই জামিন? আদালতে উঠে এসেছে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার বিষয়টি। এই মামলায় (RG Kar Case) সাক্ষী রয়েছেন মোট ১৪৭ জন। অথচ এখনও পর্যন্ত মাত্র ৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। দ্রুত বিচার শেষ হওয়ার সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে অভিযুক্তকে অনির্দিষ্টকাল জেলে আটকে রাখা যায় না, জামিনের ক্ষেত্রে সেই যুক্তিই গুরুত্ব পেয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে অভয়া কাণ্ডের পর আর জি করের (RG Kar Case) আর্থিক দুর্নীতির তদন্তে নামে সিবিআই ও ইডি। বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত সুমন হাজরা ও বিপ্লব সিংহ। পরে গ্রেপ্তার হন সন্দীপও।
পুজোর ঠিক আগে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন সন্দীপ ঘোষ। এবার হাই কোর্টের নির্দেশে স্বস্তি সুমনেরও। সন্দীপের পর সুমন, আর জি কর (RG Kar Case) দুর্নীতি মামলায় এবার পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, নজর সেদিকেই। তবে জামিন মানেই অভিযোগ থেকে অব্যাহতি নয়।


