28.9 C
Kolkata
Tuesday, October 27, 2026
spot_img

২৮ অক্টোবরই ভারত ছাড়ার কথা ইমরান খানের! নতুন নির্দেশে কী জানাল বম্বে হাইকোর্ট?

Aaj India Desk, মুম্বাই: ইমরান খানকে (Imran Khan) আপাতত ভারত ছাড়তে হচ্ছে না। অভিনেতার বিরুদ্ধে কেন্দ্র ও বিদেশি আঞ্চলিক নিবন্ধন কার্যালয় (FRRO)-এর জারি করা ‘লিভ ইন্ডিয়া নোটিস’-এর ওপর সাময়িক স্বস্তি দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। আগামী ২ নভেম্বর পর্যন্ত এই নোটিসের কার্যকারিতা স্থগিত থাকবে। ফলে আপাতত ভারতে থাকতে পারবেন অভিনেতা।

সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রের তরফে আরও কিছুটা সময় চাওয়ায় শুনানি পিছিয়ে দেয় আদালত। আগামী ২ নভেম্বর দুপুর ৩টেয় মামলাটির পরবর্তী শুনানি হবে। ততদিন ইমরান খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না বলে আদালতকে মৌখিক আশ্বাস দিয়েছে কেন্দ্র।

আমেরিকার নাগরিক এবং ওসিআই কার্ডধারী ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। তাঁর অভিযোগ, কোনও কারণ দর্শানোর সুযোগ না দিয়েই তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে তাঁর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

সোমবার মামলার শুনানিতে কেন্দ্রের তরফে অতিরিক্ত সময় চাওয়া হলে ইমরানের আইনজীবী জানান, অভিনেতাকে তো পরের দিনই দেশ ছাড়তে হবে। এরপর কেন্দ্রের আইনজীবী আশ্বস্ত করেন, আপাতত এই নোটিসের কারণে ইমরানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। সেই আশ্বাসের পরই পরবর্তী শুনানি পর্যন্ত নোটিসের কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় আদালত।

এই মামলার সূত্রপাত গত ১০ অক্টোবর। মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানের কাছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-সংক্রান্ত ইস্যুতে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ইমরান। সেখান থেকে তাঁকে আটক করে মুম্বই পুলিশ।

এরপর ১৪ অক্টোবর FRRO-র তরফে তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিস পাঠানো হয়। সেই নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা করেন অভিনেতা। তাঁর দাবি, নিজের বক্তব্য জানানোর সুযোগ না দিয়েই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বম্বে হাইকোর্টের অন্তর্বর্তী স্বস্তিতে আপাতত ভারতে থাকতে পারবেন ইমরান খান। তবে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেদিকেই নজর রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন