Aaj India Desk, কলকাতা : বিগ বস বাংলার ঘরে ফের বিতর্কে রাজবীর দে (Rajveer Dey)। এবার তাঁর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথোপকথন ঘিরে প্রকাশ্যে ক্ষোভ জানালেন পরিচালক সৃজিত রায়। সমাজমাধ্যমে ‘#বয়কটরাজবীর’ ডাক দিয়ে রাজবীরকে শো থেকে সরানোর দাবি তুলেছেন তিনি। পরিচালকের অভিযোগ, বাংলার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব সৌরভের সঙ্গে রাজবীরের আচরণ মেনে নেওয়া যায় না। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চায় বিগ বস বাংলা।
দাদার দরবারে কী ঘটেছিল?
শনিবারের ‘দাদার দরবার’ পর্বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনের সময় রাজবীরের (Rajveer Dey) আচরণ ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, সৌরভ তাঁকে উঠে দাঁড়াতে বললেও প্রথমে দাঁড়াননি রাজবীর। পরে নন্দিনী তাঁকে বলার পর তিনি উঠে দাঁড়ান।
এরপর বিষয়টি নিয়ে মন্তব্য করেন জিতু কমল। নন্দিনী বলার পরেই রাজবীরের উঠে দাঁড়ানো নিয়ে কটাক্ষ করেন তিনি। সেই মন্তব্যের পরেই জিতু ও রাজবীরের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
সৌরভকে ঘিরেই ক্ষোভ সৃজিতের
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সৌরভের সঙ্গে রাজবীরের (Rajveer Dey) আচরণ নিয়ে সরব হন পরিচালক সৃজিত রায়। তাঁর বক্তব্য, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। শুধু রাজবীরের আচরণ নয়, এই ঘটনার পরেও তাঁকে বিগ বস বাংলার ঘরে থাকতে দেওয়ার বিষয়টি নিয়েও আপত্তি জানিয়েছেন পরিচালক।
নিজের বাঙালি পরিচয়ের কথা তুলে ধরে সৃজিত রাজবীরকে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, রাজবীরকে শোয়ে রেখে দেওয়া হলে তা সৌরভের প্রতি অসম্মান হিসেবেই দেখা হতে পারে। একই সঙ্গে এই ঘটনাকে বাংলার সম্মানের প্রশ্ন হিসেবেও তুলে ধরেছেন তিনি।
উল্লেখ্য, বিগ বস বাংলায় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশের পর থেকেই রাজবীর দেকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এর আগে জিতু কমল ও দুর্নিবার সাহার সঙ্গে তাঁর মনোমালিন্য নিয়েও আলোচনা হয়েছে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন এবং তা নিয়ে সৃজিত রায়ের প্রকাশ্য প্রতিবাদ সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।পরিচালকের ‘বয়কট রাজবীর’ ডাকের পর রাজবীরকে নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কোন দিকে যায়, এখন সেদিকেই নজর।


