Aaj India Desk, কলকাতা: প্রেম কম-বেশি সকলের জীবনেই এসেছে। তা বলে সেই প্রেমের এমন ভয়ানক পরিণতি! বেহালার সরশুনায় একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে চরম নির্যাতনের ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসী। এক তরুণীর সাথে প্রেমের সম্পর্কে থাকা যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে তরুণীর পরিবারের বিরুদ্ধে। ঘটনার ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় শোরগোল। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সরশুনা থানার পুলিশ (Sarsuna Police)।
পুলিশ ও অভিযোগকারীদের সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের সরশুনা থানার (Sarsuna Police) অন্তর্গত এলাকার এক তরুণীর সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তবে এই সম্পর্ক মেনে নিতে পারেনি তরুণীর পরিবার। অভিযোগ, সেই আপত্তি থেকেই যুবক ও তাঁর পরিবারের উপর নির্যাতন চালানো হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, যুবক ও তাঁর বাবাকে ধরে নিয়ে যায় তরুণীর পরিবারের সদস্যরা। এরপর তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এরপর যুবকের বাবার হাতে একটি বন্দুক তুলে দিয়ে ছেলেকে মেরে ফেলতে বলা হয়। অন্যথায় নগ্ন হয়ে রাস্তায় হাঁটতে হবে বলে হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত পরবর্তী শর্তই মেনে নেন যুবকটির বাবা। এরপর যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। সেই ঘটনার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনার পর নির্যাতিতের পরিবার সরশুনা থানায় (Sarsuna Police) অভিযোগের দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত ওই তরুণীর বাড়িতে গিয়ে পদক্ষেপ নেন সরশুনা থানার পুলিশ। অভিযোগে তরুণীর বাবা, মা ও মামার নাম উঠে আসে। তাদের তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার নেপথ্যে ঠিক কী ঘটেছিল, কেনই বা প্রেমের ‘শাস্তি’ দিতে এমন ভয়ানক পদক্ষেপ নিয়েছিলেন তরুণীর পরিবার, তার উত্তর পেতে এবং অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখতে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।


