মুম্বই: দিলজিতের (Diljit Dosanjh) শো বাতিল? টিকিট কেটে বিপাকে অনুরাগীরা? জল্পনায় যখন সরগরম সোশাল মিডিয়া, তখন একেবারে নিজের মেজাজেই হাজির পাঞ্জাব দি পুত্তর। ভুয়ো খবরের হইচইয়ে বিশেষ পাত্তা না দিয়ে দিলজিতের সাফ কথা, পুরো ঘটনা জানুন, তারপর মন্তব্য করুন!
দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) কনসার্ট মানেই উন্মাদনা। আর সেই কনসার্ট বাতিলের খবর ছড়ালে যে সোশাল মিডিয়ায় ঝড় উঠবে, তা বলাই বাহুল্য! গত কয়েক দিন ধরে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাঁর অনুষ্ঠান ঘিরে ঠিক সেটাই হয়েছে। টিকিট বিক্রি হয়েছে চড়া দামে, অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তার মধ্যেই আচমকা শোনা গেল, নিরাপত্তার কারণে নাকি অনুষ্ঠান বাতিল!
বৃহস্পতিবার থেকেই শুরু হয় জল্পনা। দিল্লি পুলিশের তরফে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি বলে খবর ছড়ায়। এমনকী, টিকিট বুকিং সংস্থা ‘বুক মাই শো’-কে চিঠি পাঠিয়ে অনুষ্ঠান বাতিলের কথা জানানো হয়েছে বলেও দাবি করা হয়। ব্যস! তারপরেই প্রশ্নের পর প্রশ্ন, ক্ষোভের ঝড়, রাজনৈতিক মহলেও শুরু হয়ে যায় চাপানউতোর। দিলজিতের (Diljit Dosanjh) পাশে দাঁড়ান তাঁর অনুরাগীরা, সরব হন অন্যরাও।
তার উপর মুম্বইয়ে তাঁর কনসার্টে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানোর খবর। সব মিলিয়ে পরিস্থিতি এমন, যেন কনসার্টের চেয়ে বিতর্কের টিকিটই বেশি বিকোচ্ছে!
কিন্তু এত কাণ্ডের মধ্যে দিলজিৎ কোথায়? এত দিন নীরব থাকলেও অবশেষে সোশাল মিডিয়ায় ভিডিও বার্তায় মুখ খুললেন তিনি। আর তাতেই যেন বিতর্কের মঞ্চে ঢুকে পড়ল দিলজিতের নিজস্ব স্টাইল!
গায়ক জানালেন, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কত রিল তৈরি হয়েছে, কত টুইট হয়েছে, সংবাদমাধ্যমেও শুরু হয়েছে বিতর্ক। কিন্তু আসল তথ্য না জেনেই এত হইচই করার কী অর্থ? তাঁর কথায়, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে গোটা ঘটনা জেনে নেওয়া উচিত।
এরপরই ব্যঙ্গের সুরে লাইভে আসার কথা বলেন দিলজিৎ (Diljit Dosanjh)। তাঁর বক্তব্যের মধ্যে যেন স্পষ্ট খোঁচা, বিতর্কের বাজারে কনটেন্টের অভাব নেই, কিন্তু তথ্যের খোঁজ কতটা?
সবশেষে অবশ্য অনুরাগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই জানিয়ে দেন তিনি। ৩০ অক্টোবর দিল্লিতে দেখা হচ্ছে! অর্থাৎ, অনুষ্ঠান বাতিলের জল্পনার মাঝেও ভক্তদের সঙ্গে দেখা করার ব্যাপারে আত্মবিশ্বাসী দিলজিৎ।
বিগত এক বছর ধরেই বিভিন্ন হুমকি ও বিক্ষোভের মুখে পড়েছেন এই পাঞ্জাবি তারকা। কানাডার কনসার্ট ঘিরেও বিতর্ক কম হয়নি। তবু নিজের মেজাজ হারাতে নারাজ তিনি। দিল্লির অনুষ্ঠান নিয়েও তাই উত্তপ্ত বাক্যবাণের বদলে ঠান্ডা মাথায় বিদ্রুপই তাঁর অস্ত্র।
এখন সোশাল মিডিয়ায় রিল আর টুইটের ভিড়ে নজর একটাই, ৩০ অক্টোবর দিল্লির মঞ্চে সত্যিই কি জমবে দিলজিতের (Diljit Dosanjh) আসর? আপাতত গায়কের বার্তা, দেখা হচ্ছে দিল্লিতে!


