Aaj India Desk, কলকাতা : চোরবাগানকাণ্ডে মৃত্যুর ঘটনার প্রতিবাদ ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই একের পর এক গ্রেপ্তারির অভিযোগ উঠেছে। ঘোষক সেন্টু এবং কালিয়াকে গ্রেপ্তার করার পাশাপাশি গতকাল রাতে মমতা তৃণমূল কংগ্রেসের নেতা মজিদ আনসারিকেও (Majid Ansari) গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পুলিশের বক্তব্য তাঁকে ভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই পদক্ষেপের বিরোধিতা করে এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, চোরবাগানকাণ্ডে প্রভাবশালীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলার কারণেই প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি, বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের গ্রেপ্তারির দাবি করেছেন তিনি।
পুরনো মামলায় গ্রেপ্তার মজিদ আনসারি
চোরবাগানকাণ্ডে প্রতিবাদের আবহের মধ্যেই গতকাল রাতে মজিদ আনসারিকে (Majid Ansari) ২০২৩ সালের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। তোলাবাজি, শ্লীলতাহানি ও কটূক্তি-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে, ধৃত মজিদ আনসারির দাবি, বিজেপির বিরুদ্ধে চোরবাগানকাণ্ড নিয়ে সরব হওয়ার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তাঁর আইনজীবী দাবি করেছেন, ঘটনার সময় মজিদ দিল্লিতে ছিলেন।
‘ভয় পেয়েছে সরকার’, অভিযোগ কুণালের
মজিদ আনসারির (Majid Ansari) গ্রেপ্তারি নিয়ে সরব হয়ে কুণাল ঘোষের অভিযোগ, প্রতিবাদীদের বিরুদ্ধে পুরনো মামলা ব্যবহার করে পুলিশ গ্রেপ্তার করছে। তাঁর দাবি, সক্রিয় কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা সাজিয়ে রেখে তাঁদের হয়রানি করা হচ্ছে। কুণালের বক্তব্য, “এই সরকার এত বিধায়ক নিয়ে নাকি এত গরিষ্ঠ; তাহলে এত নিরাপত্তাহীনতায় ভুগছে কেন?” কুণালের অভিযোগ, “চোরবাগান কেসটায় এতটা ভয় পেয়েছে, যে কোনও মূল্যে সেটা থামাতে হবে, কারণ ওখানে জেলা সভাপতি আছে বিজেপির।” তিনি আরও প্রশ্ন তুলেছেন, আমহার্স্ট স্ট্রিট থানার উল্টোদিকে থাকেন বলে দাবি করা তমোঘ্ন ঘোষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
চোরবাগানকাণ্ডে মৃত্যুর ঘটনার পর থেকেই দায়িত্ব নির্ধারণ, রাজনৈতিক অভিযোগ এবং পুলিশের পদক্ষেপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এবার মজিদ আনসারির গ্রেফতারি সেই বিতর্ককে আরও উসকে দিল।


