Aaj India Desk, কলকাতা: রাজ্যে দুর্গাপুজোর সংখ্যা প্রায় ৬৬ হাজার। তবে চোরবাগানের দুর্ঘটনা (Chorbagan Incident) ছাড়া অন্য কোনও বড় বিপর্যয়ের খবর তাঁর কাছে আসেনি বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে প্রাণহানির ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এই দুর্ঘটনার নেপথ্যে মানুষের ভুল বা গাফিলতি থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারীর কথায়, মাত্র দেড় থেকে দু’মিনিটের মধ্যেই গোটা ঘটনা ঘটে যায়। এত অল্প সময়ে এমন বিপর্যয় ও প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। মানুষের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, সেই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে জানান তিনি।
ঘটনার প্রকৃত কারণ জানতে যে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, তাদের রিপোর্ট প্রকাশ্যে আনা হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, রিপোর্ট বিধানসভায় পেশ করার পাশাপাশি সংবাদমাধ্যমের কাছেও তুলে ধরা হবে। আগের সরকারের সময়কার কাজের সঙ্গে বর্তমান সরকারের কাজের পার্থক্য রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর দাবি, কোথাও প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনা ঘটেনি। চোরবাগানের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হয়েছে।
আগামী ২৬ তারিখ কলকাতা, হাওড়া ও বিধাননগরের প্রায় ৮ হাজার পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পরিকল্পনা রয়েছে। সেখানে পুজোর আয়োজন আরও সংযত রাখার পরামর্শ দেওয়া হতে পারে। পাশাপাশি, আগামী বছরের পুজোর প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করার উপরেও গুরুত্ব দিতে চান মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে, সেই লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলা হবে। তদন্তকারী দলের সুপারিশ খতিয়ে দেখে তার ভিত্তিতে পুজোর আয়োজন করার পরামর্শও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এবারের সপ্তমীতে চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়। ঘটনার পরের দিনই রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে। কলকাতা হাইকোর্টের সঙ্গে আলোচনা করেই এই দল তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীকে SIT-এর চেয়ারম্যান করা হয়েছে। দলে রয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিন্হা এবং রাজ্য STF-এর ডিজি জাভেদ শামিম। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের রিপোর্ট এবং সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে।


