Aaj India Desk, মুম্বই : ৮৪ বছরে পা দিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। রবিবার অভিনেতার জন্মদিন উপলক্ষে মুম্বইয়ে তাঁর বাসভবন ‘জালসা’র সামনে ভিড় জমালেন অনুরাগীরা। কেউ গাইলেন তাঁর জনপ্রিয় গান ‘ম্যায় হুঁ ডন’, কেউ আবার নাচে-গানে উদ্যাপনে মাতলেন। প্রিয় অভিনেতার বিশাল পোস্টার হাতে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা গেল ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই উদ্যাপনের একাধিক ভিডিয়ো।
প্রতি বছরই অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জন্মদিনে তাঁর বাড়ির সামনে অনুরাগীদের জমায়েত পরিচিত দৃশ্য। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। শনিবার রাতে, জন্মদিনের প্রাক্কালে, বহু অনুরাগী জালসার সামনে জড়ো হন। তাঁদের হাতে ছিল অভিনেতার বড় বড় পোস্টার। প্রিয় তারকার জনপ্রিয় গান গেয়ে ও নাচের মাধ্যমে জন্মদিন উদ্যাপন করেন তাঁরা।
উদ্যাপনের একটি ভিডিয়োয় দেখা যায়, ‘শোলে’ ছবির অভিনেতার পরিচিত সাজে এক অনুরাগী ‘ডন’ ছবির জনপ্রিয় গান ‘ম্যায় হুঁ ডন’ গাইছেন। তাঁর সঙ্গে গলা মেলান অন্য অনুরাগীরাও। ৮৪ সংখ্যাটি লেখা একটি পোস্টার হাতে নিয়ে তাঁকে নাচতেও দেখা যায়। জন্মদিনের এই উদ্যাপনে সামিল হয়েছিল শিশুরাও।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও তাঁর পরিবারের ছবি দেওয়া একটি বড় পোস্টার নিয়েও ছবি তুলতে দেখা যায় অনুরাগীদের। শুধু মুম্বই নয়, প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত এমনকী বিদেশ থেকেও বহু মানুষ প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে তাঁর বাড়ির সামনে হাজির হন।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন অমিতাভ। তাঁর অভিনয়, সংলাপ বলার ধরন এবং গভীর কণ্ঠস্বর তাঁকে দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয় করে তুলেছে। শুধু দর্শকই নন, অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের কাছেও তিনি বিশেষ প্রিয়। অমিতাভের ৮৪তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণী তারকা কমল হাসন ও চিরঞ্জীবী। অমিতাভের কণ্ঠস্বর ও পর্দায় তাঁর উপস্থিতির প্রশংসা করেছেন কমল হাসন। অন্যদিকে, চিরঞ্জীবী তাঁকে নিজের অনুপ্রেরণা এবং ‘গুরুজি’ বলে উল্লেখ করেছেন। পরিচালক ইমতিয়াজ আলিও অমিতাভের অভিনয়জীবনের প্রশংসা করেছেন। তাঁর মতে, অমিতাভ বচ্চনের মতো আর কোনও অভিনেতা আসবেন না। কিংবদন্তি এই অভিনেতার সময়কালে বড় হয়ে ওঠার সুযোগ পাওয়াকে সৌভাগ্য বলে মনে করেন তিনি। ভবিষ্যতে অমিতাভের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন পরিচালক।


