Aaj India Desk, নয়াদিল্লি : SIR-কে ঘিরে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজনৈতিক উত্তাপের মধ্যেই এবার বড় রদবদল। নির্বাচন কমিশনের নতুন ডেপুটি নির্বাচন কমিশনার নিয়োগ করল কেন্দ্র। রাজস্থানের ২০১০ ব্যাচের IAS আধিকারিক প্রকাশ রাজপুরোহিতকে এই পদে নিয়োগ করা হয়েছে। শনিবার রাতে কেন্দ্রের তরফে এই নিয়োগের নির্দেশিকা জারি হয়। যদিও প্রশাসনিক সূত্রের দাবি, এটি রুটিন রদবদলেরই অংশ।
সঞ্জয় কুমার ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ডেপুটি নির্বাচন কমিশনারের দায়িত্ব সামলেছেন। নির্বাচন কমিশনের ভোটার তালিকা ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই আগস্টে তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্র (NIC) থেকে ডেপুটেশনে নির্বাচন কমিশনে যোগ দেন সীমা খান্না। পরে কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব তাঁর হাতে আসে। বিরোধী দলগুলির অভিযোগ, SIR প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ পড়ার পিছনে কমিশনের ডিজিটাল ব্যবস্থাপনার ভূমিকা রয়েছে। বিরোধীদের আরও দাবি, সঞ্জয় কুমারকে কার্যত পাশ কাটিয়ে তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব সীমা খান্নার হাতে তুলে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, সম্প্রতি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, নির্বাচন কমিশনের দুই আধিকারিক সুখবিন্দর সিং সান্ধু এবং বিবেক যোশী কমিশনের অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দিয়েছিলেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, সীমা খান্নার ভূমিকা এবং সঞ্জয় কুমারকে সরানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি উঠেছিল। এদিকে, নির্বাচন কমিশনের ভূমিকা এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে সোমবারও দিল্লিতে পথে নামার কর্মসূচি রয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির। মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর দাবিতে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে নতুন ডেপুটি নির্বাচন কমিশনারের নিয়োগকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।


