কলকাতা: ‘প্যারাশুট ল্যান্ডিং’, ‘তেল ঢালা’! কোয়েলের (Koel Mallick) রাজনৈতিক শিফটের মাঝেই বিস্ফোরক রূপাঞ্জনা, নাম না নিয়েই তুললেন একের পর এক প্রশ্ন! কোয়েলের (Koel Mallick) রাজনীতিতে নতুন ইনিংস, পদ্মশিবিরে যোগ এবং রাজ্যসভায় যাওয়ার জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের (Rupanjana Mitra)।
সরাসরি কারও নাম না নিলেও, তাঁর কটাক্ষের নিশানা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
রূপাঞ্জনার প্রশ্ন, অতীতে শুটিং ফ্লোরে এক অভিনেত্রীর হেনস্থার অভিযোগ উঠেছিল, তখন ইন্ডাস্ট্রির প্রভাবশালী মহল কোথায় ছিল? তাঁর দাবি, সেই ঘটনায় সহকর্মীর পাশে দাঁড়ানোর দৃশ্য কি সত্যিই দেখা গিয়েছিল, নাকি সবটাই ছিল ‘OTT-র এক্সক্লুসিভ কনটেন্ট’?
এরপরই আসে আরও বিস্ফোরক কটাক্ষ। সংসদীয় রাজনীতির ‘অ-আ-ক-খ’ না জেনেই কেউ যখন দ্রুত রাজনৈতিক মঞ্চে জায়গা করে নেন, তখন ‘রানওয়ে আগেই পরিষ্কার ছিল’ বলেই ইঙ্গিত রূপাঞ্জনার।
শুধু রাজনীতি নয়, ইন্ডাস্ট্রিতে বকেয়া পারিশ্রমিক, তোষামোদ এবং ‘ইমেজ পলিশিং’ নিয়েও সরব তিনি। এমনকী তাঁর কটাক্ষ, এখন পরিস্থিতি এমন যে, ‘মাছের তেলে মাছ ভাজা’ নয়, মাছই নাকি নিজের তেল নিয়ে প্রেস কনফারেন্স করছে!
সবচেয়ে তাৎপর্যপূর্ণ, ২০১৯ সালের রাজনৈতিক তিক্ততার কথাও ফের সামনে আনেন রূপাঞ্জনা। দাবি করেন, তাঁকে একঘরে করার চেষ্টা তিনি ভুলে যাননি। আর পোস্টের শেষে তাঁর সেই কটাক্ষ, ‘এত তেল ঢাললাম… গাড়িটা গেল কোথায়?’ রূপাঞ্জনার এই পোস্ট ঘিরেই এখন টলিপাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা।


