Aaj India Desk, কলকাতা: ফের ইডি (ED) দফতরে হাজির হলেন রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। দুর্গাপুজোর ভুয়ো টিকিট ও পাস বিক্রির অভিযোগের তদন্তের মাঝেই এবার নজরুল মহোৎসব আয়োজনের খরচ নিয়েও প্রশ্ন উঠেছে। এই বিষয়েই তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালে শিশির মঞ্চে নজরুল মহোৎসব আয়োজন করতে খরচ হয়েছিল প্রায় ৩৭ লক্ষ ৯২ হাজার ৫৩ টাকা। সেই সময় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইন্দ্রনীল সেন। কিন্তু চলতি বছরে একই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে খরচ হয়েছে মাত্র ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। দুই বছরের খরচের মধ্যে এত বড় ফারাক কেন, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
এর পাশাপাশি ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দফতরে একটি অভিযোগও জমা পড়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, পরিবারের একাধিক সদস্যকে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি প্রভাব খাটিয়েছেন। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গত ৩০ সেপ্টেম্বর ইন্দ্রনীল সেনকে আট ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এবার ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, গত দশ বছরের আর্থিক লেনদেন এবং ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাঁকে হাজির হতে বলা হয়েছে।
বুধবার বেলা ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছে যান ইন্দ্রনীল সেন। তাঁর সংস্থা ‘মাস আর্ট’-এর বিরুদ্ধে ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর ভুয়ো পাস এবং প্রিভিউ শোয়ের টিকিট বিক্রির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্তে ইতিমধ্যেই ইন্দ্রনীলের হুগলির বাগানবাড়ি এবং কসবার বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। এখন নজরুল মহোৎসবের খরচের বিপুল পার্থক্য, আর্থিক লেনদেন এবং অন্যান্য অভিযোগ—সব মিলিয়ে ইডির জিজ্ঞাসাবাদে কী উঠে আসে, সেদিকেই নজর রয়েছে।


