35.3 C
Kolkata
Saturday, October 3, 2026
spot_img

নবান্নে ভুয়ো পরিচয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ! দিল্লির বিমানে উঠতেই পাকড়াও! জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য!

কলকাতা: একটি স্কুল তৈরি নিয়ে সমস্যা। সেই সমস্যা মেটাতেই নাকি নবান্নে (Nabanna) গিয়েছিলেন তিনি (Akanksha Vidyarthi)। মন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের পরিচয় দিয়েছিলেন প্রধানমন্ত্রীর দফতরের সদস্য হিসেবে। কিন্তু নবান্ন থেকে বেরিয়ে যাওয়ার পরই সন্দেহ দানা বাঁধে। খোঁজ নিয়ে জানা যায়, সেই পরিচয়ের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই, এমনই অভিযোগ পুলিশের।

শুরু হয় তদন্ত। মোবাইল নম্বরের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, দিল্লির বিমানে উঠে পড়েছেন আকাঙ্ক্ষা বিদ্যার্থী (Akanksha Vidyarthi) নামক ওই মহিলা। বুধবার রাতে অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার দিল্লি থেকেই তাঁকে গ্রেপ্তার করে শিবপুর থানার পুলিশ। শুক্রবার ট্রানজিট রিমান্ডে তাঁকে হাওড়ায় আনা হয়েছে। শনিবার তাঁকে হাওড়া আদালতে পেশ করার কথা।

প্রাক্তন সাংসদের নাতনি, সংঘের সঙ্গে যোগ

পুলিশি জিজ্ঞাসাবাদে আকাঙ্ক্ষা জানিয়েছেন, তিনি (Akanksha Vidyarthi) ভারতীয় জন সংঘের প্রাক্তন সাংসদ রাম স্বরূপ বিদ্যার্থীর নাতনি। ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত করোলবাগের সাংসদ ছিলেন রাম স্বরূপ বিদ্যার্থী।

আকাঙ্ক্ষার নিজের দাবি, তিনি সংঘের সঙ্গেও যুক্ত এবং বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। সেই সূত্রেই দেশের বিভিন্ন জায়গায় তাঁর পরিচিতি রয়েছে বলে পুলিশকে জানিয়েছেন তিনি। তবে এই পরিচয়ই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র।

একটি স্কুল, আর সেখান থেকেই নবান্নে যাত্রা?

পুলিশকে দেওয়া আকাঙ্ক্ষার বক্তব্য অনুযায়ী, আসানসোলের এক প্রাক্তন তৃণমূল নেতার আত্মীয় কোচবিহারের মাথাভাঙায় একটি স্কুল তৈরি করছেন। কিন্তু স্থানীয় কয়েকজন বিজেপি নেতার কারণে সেই কাজে সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ। সেই সমস্যার কথা জানাতেই নাকি ওই পরিবারের পক্ষ থেকে আকাঙ্ক্ষার সঙ্গে যোগাযোগ করা হয়।

এরপর দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে নবান্নে যান তিনি। দেখা করেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের সঙ্গে। সেখানেই নিজেকে প্রধানমন্ত্রীর দফতরের সদস্য হিসেবে পরিচয় দিয়ে স্কুল তৈরির ক্ষেত্রে যাতে কোনও বাধা না আসে, সেই আবেদন করেন বলে পুলিশকে জানিয়েছেন আকাঙ্ক্ষা। তবে তাঁর এই বক্তব্য কতটা সত্যি, সেটিই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মন্ত্রীর সন্দেহ থেকেই শুরু তদন্ত?

ঘটনার মোড় ঘুরে যায় নবান্ন (Nabanna) থেকে বেরনোর পর। পুলিশ সূত্রে খবর, আকাঙ্ক্ষার পরিচয় নিয়ে পূর্তমন্ত্রীর সন্দেহ তৈরি হয়েছিল। তিনি খোঁজখবর নেন। এরপরই জানা যায়, PMO-র সদস্য হিসেবে যে পরিচয় দেওয়া হয়েছিল, তা ভুয়ো বলে অভিযোগ। রাতেই শিবপুর থানায় অভিযোগ দায়ের হয়।

আকাঙ্ক্ষা (Akanksha Vidyarthi) নবান্নে নিজের মোবাইল নম্বর দিয়েছিলেন। সেই নম্বরই তদন্তকারীদের কাছে হয়ে ওঠে গুরুত্বপূর্ণ সূত্র। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাঁর মোবাইলের লোকেশন ট্র্যাক করতে শুরু করে। আর তাতেই সামনে আসে আরও বড় চমক।

নবান্ন থেকে সরাসরি দিল্লির বিমান!

পুলিশের দাবি, বুধবার রাতেই আকাঙ্ক্ষা দিল্লির বিমানে উঠে পড়েন। তাঁর মোবাইলের লোকেশন অনুসরণ করে শিবপুর থানার একটি দল দিল্লির উদ্দেশে রওনা দেয়।পরদিন সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে।

শুক্রবার তাঁকে হাওড়ায় নিয়ে আসার পর তদন্তকারীরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। সেই জেরাতেই সামনে আসে তাঁর পারিবারিক পরিচয়, সংঘের সঙ্গে যুক্ত থাকার দাবি এবং মাথাভাঙার স্কুলকে ঘিরে গোটা ঘটনার বর্ণনা। কিন্তু তদন্তকারীদের সামনে এখনও একাধিক প্রশ্নের উত্তর বাকি।

তাহলে আসল উদ্দেশ্য কী?

যদি সত্যিই একটি স্কুলের সমস্যা সমাধানের জন্য নবান্নে যাওয়া হয়ে থাকে, তাহলে PMO-র সদস্য হিসেবে পরিচয় দেওয়ার প্রয়োজন কেন পড়ল? কেউ কি তাঁকে (Akanksha Vidyarthi) এমন পরিচয় ব্যবহার করতে বলেছিলেন? নাকি গোটা বিষয়টির পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য?আর যে দু’জনকে সঙ্গে নিয়ে তিনি নবান্নে গিয়েছিলেন, তাঁদের ভূমিকা কী? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এখন তদন্ত এগোচ্ছে। পুলিশ ওই দু’জনকেও খুঁজছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন