Aaj India Desk, কলকাতা: কলকাতায় ব্রাজিল ফুটবল দলের (Brazil National Football Team) খাবারের দায়িত্ব মূলত দলের সঙ্গে আসা নিজস্ব শেফ (Personal Chef) ও পুষ্টিবিদদের হাতেই। ব্রাজিল দল সূত্রে জানা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে স্টেট ডিনারে ভারতীয় ও বাঙালি খাবারের আয়োজন করা হলেও ফুটবলাররা নিজেদের শেফের তৈরি খাবারই বেশি খেতে পছন্দ করছেন।
ফুটবলারদের দিনে প্রায় পাঁচবার নির্দিষ্ট ডায়েট মেনে খাবার দেওয়া হচ্ছে। শেফ ও পুষ্টিবিদদের নজরদারিতেই তৈরি হচ্ছে প্রতিটি মিল। লাঞ্চ ও ডিনারে থাকছে ভাত, স্প্যাগেটি, বেকড বিনস, মাছ, চিকেন, মাংস, গ্রিন স্যালাড এবং অল্প পরিমাণে ডেজার্ট।
ব্রাজিল দলের খাবারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মাছকে। বিভিন্ন ধরনের তাজা মাছ খেতে পছন্দ করেন দলের ফুটবলাররা। সেই মাছও দলের নিজস্ব শেফরাই রান্না করছেন বলে সূত্রের খবর। মেন্যুতে থাকছে নরওয়েজিয়ান স্যামন-সহ একাধিক সামুদ্রিক মাছ।
আমিষ খাবারের তালিকায় রয়েছে গ্রিলড চিকেন, পর্ক এবং ল্যাম্ব। জানা যাচ্ছে, পর্ক ও ল্যাম্ব মুম্বই থেকে কলকাতায় আনা হচ্ছে। খাবারের সঙ্গে থাকছে পরিমিত ভাত, বিভিন্ন ধরনের ডাল ও বিনস, আলু, সবজি এবং স্যালাড। এছাড়াও, ফুটবলারদের ডায়েটের কথা মাথায় রেখে রান্নায় তেলের ব্যবহারও রাখা হচ্ছে নিয়ন্ত্রিত। মূলত অলিভ অয়েল ব্যবহার করেই রান্না করা হচ্ছে দলের খাবার।


