30.4 C
Kolkata
Thursday, October 1, 2026
spot_img

রক্তের জন্য আর অন্য ব্লাড ব্যাঙ্কে দৌড় নয়? বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের

Aaj India Desk, কলকাতা: নিজস্ব ব্লাড সেন্টার (Blood Center) থাকা সত্ত্বেও অনেক বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীদের রক্তের প্রয়োজন হলে তাঁদের পরিজনদের অন্য ব্লাড ব্যাঙ্কে (Blood Bank) পাঠানো হয়। এমনকি সাধারণ রক্তের গ্রুপের ক্ষেত্রেও অনেক সময় বাইরের ব্লাড সেন্টারের উপর নির্ভর করতে হচ্ছে। এবার এই পরিস্থিতি বদলাতে উদ্যোগী হল রাজ্য স্বাস্থ্য দফতরের অধীন স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (SBTC)।

নিজস্ব ব্লাড সেন্টার রয়েছে, এমন সব বেসরকারি হাসপাতালের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে SBTC। হাসপাতালের রোগীর সংখ্যা ও রক্তের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্ত সংগ্রহ করে মজুত রাখার পাশাপাশি প্রয়োজনীয় রক্তের উপাদান সরবরাহের ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে। SBTC জানিয়েছে, নিয়মিতভাবে অন্য ব্লাড সেন্টারের উপর নির্ভর করা কোনওভাবেই কাম্য নয়। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজন মেটাতে পর্যাপ্ত রক্ত সংগ্রহ করতে হবে। একই সঙ্গে নিয়ম মেনে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের উপরও জোর দেওয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালের রোগীর সংখ্যা এবং রক্তের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজস্ব ব্লাড সেন্টারে রক্ত সংগ্রহ করতে হবে। সাধারণ রক্তের গ্রুপ এবং প্রয়োজনীয় রক্তের উপাদানও পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার চেষ্টা করতে হবে। শুধু নিজের ব্লাড সেন্টারে পর্যাপ্ত রক্ত সংগ্রহ না করার কারণে রোগীর পরিবারকে বারবার অন্য ব্লাড সেন্টারে পাঠানো যাবে না।

রক্তের সঠিক ব্যবহার এবং মজুতের ব্যবস্থাপনা আরও ভালো করতে হাসপাতালের বিভিন্ন চিকিৎসা বিভাগ এবং ব্লাড সেন্টারের মধ্যে সমন্বয় বাড়ানোর কথাও বলা হয়েছে। পাশাপাশি জাতীয় মানদণ্ড, প্রচলিত আইন ও সরকারি নির্দেশিকা মেনে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করতে হবে।

SBTC-র বক্তব্য, কিছুদিন ধরে তাদের নজরে এসেছে যে, নিজস্ব ব্লাড সেন্টার থাকা সত্ত্বেও কয়েকটি বেসরকারি হাসপাতাল রোগীদের প্রয়োজনীয় রক্ত বা রক্তের উপাদান অন্য সরকারি বা বেসরকারি ব্লাড সেন্টার থেকে সংগ্রহ করতে বলছে। পর্যালোচনায় দেখা গিয়েছে, কিছু হাসপাতাল-সংলগ্ন ব্লাড সেন্টারে রক্ত সংগ্রহের পরিমাণও খুব কম। নিয়মিত স্বেচ্ছায় রক্তদান শিবির না হওয়ায় সাধারণ রক্তের গ্রুপ এবং প্রয়োজনীয় রক্তের উপাদানও অনেক সময় সময়মতো পাওয়া যাচ্ছে না।

এর ফলে রোগীর পরিবারের সদস্যদের রক্তের জন্য এক ব্লাড সেন্টার থেকে অন্য ব্লাড সেন্টারে ছুটতে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি তাঁদের অপ্রয়োজনীয় হয়রানির মুখেও পড়তে হচ্ছে।

SBTC-র মতে, হাসপাতালের সঙ্গে ব্লাড সেন্টার থাকার মূল উদ্দেশ্যই হল সেখানে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজন অনুযায়ী দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে রক্ত সরবরাহ করা। তাই নিজস্ব ব্লাড সেন্টার থাকা সত্ত্বেও শুধুমাত্র রক্ত সংগ্রহ কম হওয়া বা নিষ্ক্রিয়তার কারণে নিয়মিতভাবে বাইরের ব্লাড সেন্টারের উপর নির্ভর করা ঠিক নয়।

তবে বিরল রক্তের গ্রুপের প্রয়োজন হলে বা কোনও বিশেষ পরিস্থিতিতে অন্য ব্লাড সেন্টারের সাহায্য নেওয়া যেতে পারে। কোনও ব্লাড সেন্টারের প্রযুক্তিগত সমস্যা, প্রশিক্ষণ বা দক্ষতা বৃদ্ধির প্রয়োজন হলে SBTC প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে।

একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলিকে নিজেদের রক্ত সংগ্রহের ব্যবস্থা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্ত মজুতের পদ্ধতি এবং রোগীদের রক্ত দেওয়ার পুরো ব্যবস্থাটি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন করার নির্দেশ দিয়েছে SBTC।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন