Aaj India Desk, নয়াদিল্লি: নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে আরও জোরালো আন্দোলনের পথে হাঁটছে ইন্ডিয়া জোট (India Alliance)। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেন কংগ্রেস (Congress), তৃণমূল (TMC), সিপিএম (CPM)-সহ মোট ১৯টি দলের প্রতিনিধিরা। বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে আগামী দু’মাসের একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।
খাড়গে জানান, আগামী ৬ অক্টোবর সমস্ত বিরোধী সাংসদ একসঙ্গে মিছিল করে নির্বাচন কমিশনের সদর দফতর নির্বাচন সদনে যাবেন। তার আগে ২ থেকে ৮ অক্টোবর দেশের বিভিন্ন জেলায় ‘সেভ ডেমোক্রেসি মার্চ’ কর্মসূচি পালন করা হবে। অক্টোবর ও নভেম্বর মাসে আরও পাঁচটি বড় সভা করার পরিকল্পনা রয়েছে। তবে সেই সভাগুলির সময় ও স্থান পরে ঠিক করা হবে। আগামী ১ জানুয়ারি দিল্লিতেও একটি বড় কর্মসূচি করার কথা জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও সরব হন খাড়গে। তাঁর দাবি, নির্বাচন কমিশনকে মোদি-শাহ নিজেদের স্বার্থে ব্যবহার করছেন এবং ভোটে কারচুপির অভিযোগ ক্রমশ সামনে আসছে। এসআইআর এবং নির্বাচনী ব্যবস্থায় অনিয়মের অভিযোগ নিয়ে আদালতে যে মামলাগুলি চলছে, সেগুলির দ্রুত নিষ্পত্তির দাবিও জানাবে বিরোধীরা।
এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে যে বিষয়গুলি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিল, এখন সেগুলি আরও স্পষ্ট হয়ে উঠছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলেন তিনি। মমতা জানান, পদত্যাগ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
বুধবারের বৈঠকে ডিএমকে এবং আম আদমি পার্টি উপস্থিত ছিল না। বৈঠকের পর খাড়গে জানান, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতারা একাধিক প্রস্তাব দিয়েছেন। আপাতত নির্বাচন প্রক্রিয়া এবং ভোটার তালিকা সংক্রান্ত বিষয়কে সামনে রেখেই যৌথভাবে আন্দোলন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট।


