Aaj India Desk, কলকাতা: ইউনেস্কোর (UNESCO) নাম ব্যবহার করে দুর্গাপুজোর ভুয়ো পাস এবং প্রিভিউ শো-এর টিকিট বিক্রির অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) ও তাঁর স্ত্রী পরিচালিত সংস্থা ‘মাস-আর্টে’র বিরুদ্ধে। অভিযোগ, এইভাবে কোটি কোটি টাকা তোলা হয়েছে।
এই অভিযোগের তদন্তে মঙ্গলবার দিনভর ইন্দ্রনীল সেনের হুগলির বাগানবাড়ি ‘মোহর’ এবং তাঁর এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তল্লাশির পরই ইন্দ্রনীল সেনকে নোটিস পাঠানো হয়। ইডি সূত্রে খবর, বুধবার সকাল ১০টায় তাঁকে কলকাতার ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে। সঙ্গে বেশ কিছু নথিও নিয়ে যেতে বলা হয়েছে।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে কলকাতার কসবা-সহ মোট ১৫টি জায়গায় ইন্দ্রনীল সেনের বাড়ি, অফিস, আত্মীয় এবং এক ব্যবসায়ীর ঠিকানায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় হুগলিতে তাঁর ফার্মহাউস ‘মোহর’-এও পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। তল্লাশি শেষে কয়েকটি ব্যাগ নিয়ে আধিকারিকদের বেরোতে দেখা গেলেও সেই ব্যাগে কী ছিল, সে বিষয়ে তাঁরা কোনও মন্তব্য করেননি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বিঘা জমির উপর তৈরি এই বাগানবাড়ি। মঙ্গলবার দরজা বন্ধ করে সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডি আধিকারিকরা। তদন্তকারী সূত্রের অভিযোগ, কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর ‘মাস-আর্ট’ নিজেদের ইউনেস্কোর ‘অফিসিয়াল পার্টনার’ হিসেবে পরিচয় দিতে শুরু করে। অভিযোগ, ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে প্রিভিউ শো-এর জন্য চড়া দামে টিকিট বিক্রি করা হয় এবং সেই টাকা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে গত জুন মাসে কলকাতা পুলিশের কাছে প্রতারণার অভিযোগ দায়ের হয়। সেই এফআইআরের ভিত্তিতেই আর্থিক তছরুপের অভিযোগ খতিয়ে দেখতে PMLA আইনে তদন্ত শুরু করে ইডি। সেই তদন্তের অংশ হিসেবেই ইন্দ্রনীল সেনের বাড়ি ও অন্যান্য জায়গায় তল্লাশি এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।


