Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রাম উপনির্বাচনের (Nandigram By-Election) আগে নিজের এলাকায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। মঙ্গলবার রেয়াপাড়ায় নিজের অফিসেই স্থানীয় দলীয় নেতাদের নিয়ে এই ক্লোজডোর বৈঠক করেন তিনি।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। ভোটের আগে দলের প্রস্তুতি, প্রচারের কৌশল এবং এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। স্থানীয় নেতা ও কর্মীদের কাছ থেকে ভোটের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় নির্দেশও দিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে বৈঠকে ঠিক কী বার্তা দেওয়া হয়েছে, এখন সেদিকেই নজর দলীয় কর্মীদের।
ভোটের আগে নন্দীগ্রামে আরও দু’দিন প্রচার করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। আগামী ২ অক্টোবর সেখানে তিনটি সভা করবেন তিনি। এরপর ৪ অক্টোবর, প্রচারের শেষ দিনে, পদযাত্রা ও মিছিলে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুরের বিধায়ক পদ ধরে রেখে নন্দীগ্রামের আসন ছেড়ে দেন তিনি। সেই কারণেই এবার সেখানে উপনির্বাচন হচ্ছে। ভোটের মাত্র কয়েকদিন আগে নিজের এলাকায় মুখ্যমন্ত্রীর এই বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে ‘সারথি’ কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দিচ্ছে রাজ্য সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষে প্রায় ৫০৮ কোটি টাকা খরচ করে মোট ১২ লক্ষ ৫৯ হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


