Aaj India Desk, কলকাতা: পুরভোটের (Municipality Election) আগে ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল। একাধিক আইপিএস (IPS) ও ডব্লিউবিপিএস (WBPS) আধিকারিককে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৩ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বদলি করা হয়েছে একাধিক ডব্লিউবিপিএস আধিকারিককেও।
এই রদবদলে কলকাতা পুলিশেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডি পি সিংকে উত্তরবঙ্গের আইজি পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন সুধীর কুমার নীলকান্তম। এর আগে তিনি রাজ্য STF-এর IGP পদে ছিলেন।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্য প্রতাপ যাদবকে রাজ্য IB-র DIG পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় ট্রাফিকের যুগ্ম কমিশনারের দায়িত্ব নিচ্ছেন ড. ভোলানাথ পাণ্ডে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সিকিউরিটি) পদে আসছেন সুখেন্দু হীরা। বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার হচ্ছেন দেবর্ষি দত্ত। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) পদে দায়িত্ব পাচ্ছেন স্পর্শা নীলাঙ্গি।
রাজ্যের বিভিন্ন জেলাতেও একাধিক আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) কৌস্তুভদীপ্ত আচার্যকে আলিপুরদুয়ারের জয়গাঁয় অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হচ্ছেন সলিমা লামা। কালিম্পঙের অতিরিক্ত পুলিশ সুপার পদে যাচ্ছেন পূর্ণিমা শেরপা। অন্যদিকে, মালদহের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অভিষেক রায়কে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। তাঁর সদর দফতর থাকবে বোলপুরে। বীরভূমের ওই পদে থাকা মানবেন্দ্র দাসকে পাঠানো হয়েছে কোচবিহারের মাথাভাঙায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নীলু শেরপাকে SCRB-এর IGP পদ থেকে সরিয়ে WBPHIDCL-এর IGP করা হয়েছে। শঙ্খ শুভ্র চক্রবর্তী হোম গার্ডের IG পদ থেকে SCRB-এর IGP পদে যাচ্ছেন। নিমা নরবু ভুটিয়াকে SAP-এর ১০ম ব্যাটালিয়নের CO পদ থেকে CID-এর SS করা হয়েছে। ধৃতিমান সরকার CID মালদহের SS পদে দায়িত্ব নিচ্ছেন।
এছাড়াও ওয়াংডেন ভুটিয়াকে CID-এর SS, ড. হোসেন মেহেদি রহমানকে SVSPA-এর ডেপুটি ডিরেক্টর, আরিশ বিলালকে CID-এর SS এবং সৌম্যদীপ ভট্টাচার্যকে কলকাতা পুলিশের Cyber-II-এর DC পদে পাঠানো হয়েছে।
কাজি সামসুদ্দিন আহমেদকে বিধাননগর পুলিশ কমিশনারেটের DD-এর DC, কুন্তল বন্দ্যোপাধ্যায়কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের DC এবং অন্যান্য কয়েকজন আধিকারিককেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
WBPS স্তরেও হয়েছে একাধিক বদলি। সলিমা লামা, পূর্ণিমা শেরপা, কৌস্তুভদীপ্ত আচার্য, অভিষেক রায়, মানবেন্দ্র দাস এবং কুনাল বার্নাবাসকে রাজ্যের বিভিন্ন জেলায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। কুনাল বার্নাবাস কালিম্পং থেকে মালদহের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) পদে যাচ্ছেন।


