Aaj India Desk, পূর্ব বর্ধমান: বর্ধমান থেকে রাজ্যের কৃষকদের (Farmer) জন্য একাধিক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। কৃষিকাজে বিদ্যুতের খরচ কমাতে প্রায় ৪ লক্ষ কৃষককে প্রতি ইউনিট বিদ্যুতে ২ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি, ৫৪ লক্ষ কৃষক বছরে ৯ হাজার টাকা করে পাবেন বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় (PM KISAN) কৃষকরা বছরে ৬ হাজার টাকা করে পান। এর সঙ্গে এবার রাজ্য সরকার আরও ৩ হাজার টাকা দেবে। ফলে সব মিলিয়ে যোগ্য কৃষকদের বছরে ৯ হাজার টাকা করে পাওয়ার কথা। অর্থাৎ কেন্দ্রের ৬ হাজার টাকার সঙ্গে রাজ্যের ৩ হাজার টাকা যোগ হবে।
এদিন কৃষক বন্ধু প্রকল্প নিয়েও বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা চলছিল। মুখ্যমন্ত্রী জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কৃষকদের তথ্য যাচাইয়ের কাজ চলবে। এক শতকের বেশি জমি থাকলে ৪ হাজার টাকা পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।
ধান চাষিদের জন্যও রয়েছে বিশেষ ঘোষণা। এ বছর ভালো ধান উৎপাদনের আশা করছে সরকার। যাঁদের পাঁচ একর পর্যন্ত জমি রয়েছে, তাঁদের ধানের জন্য কুইন্টাল প্রতি ২,৫০০ টাকার সঙ্গে আরও ২০০ টাকা দেওয়া হবে। ধান বিক্রির ক্ষেত্রে কোনও দালাল থাকবে না বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। কৃষকরা যতটা ধান দিতে চাইবেন, সরকার তা কিনে নেবে।
এমনকি কোনও কৃষক ১০০ কুইন্টাল ধান দিলে অতিরিক্ত ২০ হাজার টাকা পাওয়ার কথাও জানানো হয়েছে। পুজোর আগে একাধিক এই ঘোষণায় রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তার নতুন সুযোগ তৈরি হল।


