স্নেহা পাল, কলকাতা : ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এর মধ্যেই ভোটের সময়সূচি নিয়ে নতুন ইঙ্গিত দিলো নির্বাচন কমিশন (Election Commission)।
কমিশনের প্রাথমিক ইঙ্গিত
নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, সব প্রস্তুতি ঠিকঠাক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহে ভোট শুরু হতে পারে। দোল উৎসবের পরেই ভোটের সময়সূচি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজ্যে কমিশনের পূর্ণ বেঞ্চ
জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চ আগামী ১ ও ২ মার্চ পশ্চিমবঙ্গ সফরে আসছে। এই দু’দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হবে। সেই বৈঠকের পরেই ভোটের দিনক্ষণ ও দফা সংখ্যা চূড়ান্ত হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।
গুরুত্বপূর্ণ প্রশাসনিক সময়সূচি
ভোটের আগে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ধাপ শেষ করতে চাইছে কমিশন (Election Commission)। ২৫ ফেব্রুয়ারি শহরাঞ্চলে ভোটার উপস্থিতি বাড়াতে বহুতল আবাসনে নতুন বুথের তালিকা প্রকাশ করা হবে। ২৮ ফেব্রুয়ারি বিশেষ নিবিড় সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এই তালিকাকে ভিত্তি করেই নির্ধারিত হবে রাজ্যের পরবর্তী সরকারের ভাগ্য।
চূড়ান্ত তালিকায় সতর্কতা
পাশাপাশি বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে কারও নাম বাদ গেলে, সংশ্লিষ্ট ভোটারকে চিঠি দিয়ে কারণ জানানো হবে। এছাড়া মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।
ASDD তালিকাভুক্তদের জন্য নিয়ম
এছাড়া ASDD তালিকা অর্থাৎ মৃত, ভুয়ো, স্থানান্তরিত বা অনুপস্থিত ভোটারদের তালিকায় নাম থাকলেও ভোটের দিন সংশ্লিষ্ট ব্যক্তি সঠিক পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের সামনে একটি ঘোষণাপত্র পূরণ করতে হবে। তবে পরে তথ্য ভুল প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
সব মিলিয়ে মার্চের শুরুতেই নির্বাচন কমিশনের সফরের পর রাজ্যের ভোটচিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।


