মালদা: মেয়াদ বেড়েছে শুনানির। পিছিয়ে গেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। এই আবহে বিএলএ-২দের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। “কোনও গলি যেন বাদ না যায়”, স্পষ্ট জানিয়েছেন তিনি। অন্যদিকে, সুপ্রিম শুনানির পরও জেলায় জেলায় অব্যাহত SIR বিরোধী ক্ষোভ।
বুধবার তৃণমূলের নেতৃত্বে SIR বিরোধী আন্দোলনে উত্তাল হল মালদা। সূত্রের খবর, এদিন শহরজুড়ে ধিক্কার মিছিলের আয়োজন করে মালদা জেলা তৃণমূল কংগ্রেস। মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বকশি, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা।
দুপুর তিনটে নাগাদ মালদার রথবাড়ি মোড় থেকে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে মিছিল শুরু করে তৃণমূল। শহর পরিক্রমা করে ফোয়াড়া মোড়ের কাছে শেষ হয় মিছিল। সকলের মুখে একটাই কথা, “কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন এর যৌথ উদ্যোগে SIR- এর নামে বাংলার মানুষকে নির্মম হয়রানি প্রাণহানি ও গণতন্ত্র অধিকার হরণ”-এর চেষ্টা চলছে।
বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ
প্রসঙ্গত, মেয়াদ বাড়ানোর পর ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়ার শুনানি শেষ হতে বাকি আর মাত্র ৩ দিন। তাঁর আগে বিএলএ ২দের বাড়ি বাড়ি ঘোরার নির্দেশ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায়, নিশ্চিত করতে বলেছেন তিনি। কাদের এখনও শুনানি হয়নি, খুঁজে বের করে শুনানি করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


